Saturday, 31 October 2026
শিরোনাম
সারা দেশ

‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’-ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’-ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ
ছবি সংগৃহিত

সরকারি দপ্তরে প্রবেশের আগে অনুমতি নেওয়া কিংবা জুতা খুলে রাখার প্রচলিত রীতির বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। তাঁর কার্যালয়ের দরজায় টাঙানো হয়েছে 'অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন' লেখা একটি বার্তা। সাধারণ মানুষের জন্য সরকারি সেবা সহজলভ্য করতে নেওয়া এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দরজায় এমন বার্তা দেখা যায়। কার্যালয়ের প্রবেশপথে নেমপ্লেটের পাশে লেখা রয়েছে, 'অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন।' অর্থাৎ সেবাপ্রত্যাশীদের ইউএনওর কক্ষে প্রবেশের আগে আলাদা অনুমতি নিতে কিংবা জুতা খুলে রাখতে হবে না।


উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানো এবং সেবাপ্রত্যাশীদের সহজে সরকারি কর্মকর্তার কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি দপ্তরে সাধারণ মানুষের প্রবেশাধিকার আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করাই এর মূল উদ্দেশ্য।


স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, অনেক সময় সরকারি কর্মকর্তাদের কাছে সহজে পৌঁছাতে না পেরে সাধারণ মানুষ কাঙিক্ষত সেবা থেকে বঞ্চিত হন। কেউ কেউ বাধ্য হয়ে দালালের দ্বারস্থ হয়ে ভোগান্তিতে পড়েন। ইউএনওর কার্যালয়ের এমন বার্তা সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াবে এবং সরাসরি সেবা পাওয়ার সুযোগ তৈরি করবে।


স্থানীয় বাসিন্দা শওকত আলী বলেন, এটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারি অফিসে শৃঙ্খলা, নিয়মনীতি ও সৌজন্যবোধ বজায় রেখে সাধারণ মানুষের প্রবেশ সহজ করতে এমন পদক্ষেপ প্রশংসার দাবিদার। ইউএনও মহোদয়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা। আল্লাহ তাঁকে জনসেবায় আরও অবদান রাখার তৌফিক দিন।


সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগের সুযোগ বাড়লে সেবা গ্রহণে জটিলতা কমবে। পাশাপাশি প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।


এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি বলেন, সরকারি দপ্তর মানুষের সেবা দেওয়ার জন্য। সেবাপ্রত্যাশীরা যেন কোনো সংকোচ বা দ্বিধা ছাড়াই তাঁদের প্রয়োজনের কথা জানাতে পারেন, সে জন্যই কার্যালয়ের সামনে এ বার্তা দেওয়া হয়েছে। আমার কক্ষে আসতে আলাদা অনুমতির প্রয়োজন নেই, জুতা খুলেও প্রবেশ করতে হবে না। সবাই যেন সহজে প্রশাসনের কাছে এসে সেবা নিতে পারেন- এটাই আমার প্রত্যাশা।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।