কেকে কেটে জমজমাট আয়োজনের মধ্যদিয়ে আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এসময় বিপিসির সকল সদস্যের উপস্থিতিতে বর্ষপূর্তীর আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের স্বার্থে তাদের পূর্বের করা বিভিন্ন কর্মকাণ্ডগুলো তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে শিবলী আল সাদিক বলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সদস্যদের মনে রাখতে হবে সাংবাদিকতা মানে অনুসন্ধানী মন। তাই সবসময় নিজেদের নিত্য নতুন তথ্য ভিত্তিক সংবাদ প্রচারে নিয়োজিত রাখতে হবে।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি বলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের সকলেই নিজেদের কর্মকে তাদের কর্মের মাধ্যমে ফুটিয়ে তুলছেন নিয়মিত। তাই নতুন সদস্যদের আরও অভিজ্ঞতা অর্জন করতে হবে। যেন এই ধারাবাহিকতা ধরে রাখা যায়।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি মামুনর রশীদ তার বক্তব্যে বলেন, এটি শুধুমাত্র পেশাদার সাংবাদিকতা যারা করেন তাদের নিয়ে গঠিত সংগঠন। তাই শুধু নামে না কর্মে তা সবাইকে প্রমাণ করতে হবে।
বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক ইসমাইল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
সমিতির বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১৮ নভেম্বর বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র আয়োজনে বনভোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





