Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

প্রশাসনকে লালকার্ড দেখালেন জবি শিক্ষার্থীরা

admin • 19 Mar 2024, 04:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রশাসনকে লালকার্ড দেখালেন জবি শিক্ষার্থীরা

আরাফাতুল হক চৌধুরী, জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়( জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসন কে লাল কার্ড দেখায় সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ‘নিপীড়ন বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর ব্যানারে আয়োজিত সমাবেশে প্রতিকী লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, জগন্নাথে যেকোনো নিপীড়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিবো। এখানে যৌন নিপীড়ন বিরোধী সেল থাকলেও তার কোন কার্যক্রম নেই। এটি কার্যকর করতে হবে। এটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সেখানে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করতে হবে।

তিনি বলেন, যৌন নিপীড়নের বিরুদ্ধে একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা হবে। শুধু কিছু প্রতিশ্রুতি দিলে হবে না। যখন একটা ঘটনা সামনে আসছে, তখন তদন্ত কমিটি করে দেওয়া হচ্ছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, আমরা এভাবে আর এগোতে চাইনা, আমরা আরেকটি অবন্তিকাকে দেখতে চাইনা, আরেকটি অংকনকে দেখতে চাই না। আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত জারি থাকবে, যতদিন পর্যন্ত এটার একটা স্থায়ী সমাধান না হচ্ছে।

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী তৌকির আহমেদ বলেন, বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছে আজকের অবন্তীর মৃত্যু সেটার ই ফসল। নিপীড়নকারী ক্ষমতাশীন হওয়ায় যা ইচ্ছা তাই করার মানসিকতা পোষণ করছে, যারা বিচার করবে তারা নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে নিপীড়কের বন্ধু হিসেবে আবর্তিত হচ্ছে। আমরা চাই নিপীড়ক এবং তাদের দোসররা সমূলে উৎপাটিত হোক, সকল অন্যায়ের বিচার হোক।

সমাবেশে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি নিপীড়ন বিরোধী সেলের নামে ডামি সেল গঠন করে রেখেছে। প্রক্টরিয়াল বডি ধরে ধরে বিনা দোষে সাধারণ শিক্ষার্থীদের থেকে মুসলেকা নিয়েছে। এখন থেকে সেই খেলা আর চলবে না। যৌন নিপীড়ন সেলে ছাত্র-শিক্ষকসহ বাহির থেকে ম্যাজিস্ট্রেট এনে অন্তর্ভুক্ত করতে হবে। নিপীড়ক বিরোধী সেলের নামে যে টর্চার সেল যারা তৈরি করে রেখেছে, সেই প্রক্টর অফিসে আমরা সাতদিনের মধ্যে তালা ঝুলিয়ে দেবো।

এর আগে আইন বিভাগ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম অবন্তিকার মৃত্যুতে শোক সভা করেন।

শোক সভার প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. সাহেকা হালিম বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে যা যা করা সম্ভব আমি সব করছি। আমি সবসময় নারীদের নিয়ে কাজ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক থাকা কালীন আমি হলে হলে গিয়ে কাউন্সিলিং করেছি।

তিনি আরো বলেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে ছোট করে দেখা হয়। বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন সেল কার্যকর করা হবে। আমি নিজ দায়িত্বে তা করবো।

এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন এবং চেয়ারম্যানদেরকে নির্দেশ দেন আজকের মধ্যে প্রতিটি বিভাগে যৌন নিপীড়ন অভিযোগ বক্স বসানোর। তিনি জানায় যৌন নিপীড়ন বক্সের চাবি সুধু তার কাছে থাকবে এবং তিনি এর তদন্ত করবে যাতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা না ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।