নীলফামারীতে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারী-সৈয়দপুর সড়কের জোড়দড়গা এলাকায় আজ বুধবার সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখার কর্মকর্তা ও নওগাঁ জেলার খাস নওগা গ্রামের আসাদ আলী প্রামানিকের ছেলে নূরে আলম সিদ্দিকী (৩৬) ও সৈয়দপুর উপজেলার নিজপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে জলঢাকা উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী আবু তাহের (৫২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৯টায় সৈয়দপুর থেকে নীলফামারীর দিকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা শহরের জোরদাড়গা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান দেয়। এতে ঘটনাস্থলেই নুর আলম ও আবু তাহের মারা যান। এ সময় গুরুতর আহত হন অটোরিকশার চালক। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়ঠি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। পিকআপটিকে শনাক্তে কাজ করছে পুলিশ।





