পঞ্চগড়ের দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজী মদ্দীন ওরফে খাজা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত কাজী মদ্দীন ওরফে খাজা টেপ্রীগঞ্জ ইউনিয়নের বাবুরহাট এলাকার মৃত নদেশ তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গবাদিপশুর জন্য কাঁঠাল গাছের পাতা পাড়তে কাজী মদ্দীন খাজা দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে একটি আমগাছে ওঠেন।
পরে আমগাছের ওপর থেকে বাঁশের লাঠি দিয়ে পাশের কাঁঠাল গাছের পাতা পাড়ার চেষ্টা করেন। এ সময় বাঁশের লাঠিটি গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাঁশের লাঠিটি ভেজা থাকায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





