Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত শতাধিক

admin • 04 Mar 2023, 07:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত শতাধিক

পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

 

শনিবার (৪ মার্চ) বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ও দেবীগঞ্জ উপজেলার লক্ষিরহাট এলাকায় এ ঘটনা দুটি ঘটে।

 

নিহতরা হলেন, তেতুঁলিয়া উপজেলার বড়গাছ এলাকার তমিজ উদ্দীন (৬০), পিঠা খাওয়া এলাকার হাসিবুল ইসলাম (৩২) ও একই উপজেলার স্বপন আলী (২৫)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায় শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে সাদ পন্থীদের তিনদিন ব্যাপী ইজতেমার আখেরী মোনাজাত শেষে বাস যোগে মুসল্লীরা বাসা ফিরছিলেন। এ সময় তারা দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট এলাকায় এলে একই দিক থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এ সময় মহাসড়কের ধারে উল্টে পড়ে বাসটি।

 

এসময় এক মুসল্লী নিহত ও ২৬ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। তবে ঘটনার পরপরই ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।

 

এদিকে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় ইজতেমা থেকে ফেরার পথে যাত্রীবাহী বাসের চাকা ব্লাস্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫১ জন। আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল হোসন ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।