দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকালে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার হরিল্লাখুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সলিমুল্লাহ (৫২) এবং রঘুনাথপুর (আকন্দপাড়া) গ্রামের অহিদুল হকের ছেলে হাদিউজ্জামান ওরফে বাবু (৩৯)।
পুলিশ সূত্রে জানা যায়, সলিমুল্লাহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নবাবগঞ্জ উপজেলা শাখার সক্রিয় সদস্য। তিনি গোলাপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। সোমবার হরিল্লাখুর গ্রামে নিজের লিজ নেওয়া একটি পুকুরের পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, হাদিউজ্জামান ওরফে বাবু কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।





