দেশের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা দৈনিক ইনকিলাবের অনলাইন ইংরেজি ভার্সনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‘দেশ ও জনগণের পক্ষে’ স্লোগানকে ধারণ করে দীর্ঘদিন ধরে সংবাদ পরিবেশন করে আসা পত্রিকাটি এবার ইংরেজি ভাষায় অনলাইন সংবাদ প্রকাশের নতুন যাত্রা শুরু করল।
রোববার আনুষ্ঠানিকভাবে দৈনিক ইনকিলাব ভবনে আয়োজিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ইনকিলাবের অনলাইন ইংরেজি ভার্সনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের অনলাইন, মাল্টিমিডিয়া সম্পাদক ফাহিমা বাহাউদ্দীন, নির্বাহী সম্পাদক নাজিফা বাহাউদ্দীন, এডমিন ও অপারেশন্সের পরিচালক আব্দুল কাদের এবং সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ।
এ সময় অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন ও মাল্টিমিডিয়া সম্পাদক ফাহিমা বাহাউদ্দীন বলেন, ২০১৭ সালে যখন অনলাইন ভার্সন শুরু করি তখনই মনে মনে ঠিক করেছিলাম যারা ইংরেজিতে পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য ইংলিশ ভার্সন শুরু করবো- অবশেষে সেই ইচ্ছাটা পুরণ হলো, যে ইচ্ছা আমার দাদাও পোষণ করেছিলেন।
নির্বাহী সম্পাদক নাজিফা বাহাউদ্দীন বলেন, ইংরেজি ভার্সন আমাদের ইনকিলাব পরিবারের স্বপ্ন ছিলো। নতুন প্রজন্মের জন্য ইংরেজি ভার্সন যেমন ভুমিকা রাখবে তেমনি নতুন পাঠক পেতেও সহায়তা করবে। পাঠকদের সহযোগিতা আমাদের অনেকদূর নিয়ে যাবে।
সরকারি সম্পাদক মেহেদী হাসান পলাশ বলেন, ইনকিলাবের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.) শুরু থেকেই বাংলাদেশের মানুষের ইসলামী মূল্যবোধ, ইতিহাস, সংস্কৃতি ও দেশপ্রেমের কন্ঠ বিশ্ব মানুষের কাছে তুলে ধরতে টেলিগ্রাফ নামে একটি দৈনিক পত্রিকা চালু করেছিলেন। ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন নিজেও সব সময় একই ইচ্ছা লালন করে এসেছেন। তাদের সেই ইচ্ছা বর্তমান নতুন প্রজন্মের হাত ধরে সফলতা লাভ করল। ইনকিলাব এখন তার বক্তব্য, দর্শন ও আদর্শ বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে।
দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষ আশা করছে, ইংরেজি অনলাইন ভার্সন চালুর ফলে এখন দেশ-বিদেশের পাঠকরা ইংরেজি ভাষায় দৈনিক ইনকিলাবের সংবাদ পড়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলা সংবাদমাধ্যমটির সংবাদ আরও বিস্তৃত পাঠকসমাজের কাছে পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ, রাজনীতি, অর্থনীতি, সমাজ, আন্তর্জাতিক অঙ্গনসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশনের লক্ষ্য রয়েছে দৈনিক ইনকিলাবের।





