Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রিতে,ঘূর্ণিঝড়ের শঙ্কা

admin • 15 Apr 2024, 04:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রিতে,ঘূর্ণিঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগ এবং দুই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। এই সময়ের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে এর মধ্যেই আশঙ্কার বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন মাস আবহাওয়া পরিস্থিতিতে কি হতে পারে, সে বিষয়ে আগাম বার্তা দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের তিন মাস মেয়াদী (এপ্রিল-জুন, ২০২৪) সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, এপ্রিল থেকে আগামী জুন পর্যন্ত দেশে ৬-৮টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ৩-৪টি তীব্র (৪০-৪১.৯°সে.) থেকে অতি তীব্র (>৪২° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৬ থেকে ৮ দিন হালকা অথবা মাঝারি এবং ৩ থেকে ৫ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী জুন পর্যন্ত সময়ে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ৩ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, গত মার্চে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিক (-০৮%) বৃষ্টিপাত হয়েছে। তবে ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি; চট্টগ্রাম, রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম এবং সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

এরমধ্যে পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ২-৩, ১৪-১৬ ও ১৮-৩১ মার্চ দেশের অনেক স্থানে হালকা থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেই সঙ্গে বজ্রপাত ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে যায়। অন্যদিকে, গত মাসে সিলেটে সর্ব্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয় গত ৩১ মার্চ। একই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি এপ্রিলজুড়ে ঢাকায় ১৩০-১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহে ১৩৫-১৭৫, চট্টগ্রামে ১৩০-১৬৫, সিলেটে ২৬৫-৩৪০, রাজশাহীতে ৭৫-৯৫, রংপুরে ৮৫-১১০, খুলনায় ৬৫-৯০ এবং বরিশালে ১২০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, আগামী মে মাসে ঢাকায় ২৭৫-৩০৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহে ৩৬০-৪০০, চট্টগ্রামে ২৯৫-৩২৫, সিলেটে ৪৮৫-৫৩৫, রাজশাহীতে ১৮৫-২০৫, রংপুরে ২৫০-২৭৫, খুলনায় ১৬৫-১৮৫ এবং বরিশালে ২৪৫ থেকে ২৭৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

এ ছাড়া আগামী জুন মাসে ঢাকায় ৩৪০-৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এ মাসে ময়মনসিংহে ৪৪০-৪৭০, চট্টগ্রামে ৫৮০-৬২০, সিলেটে ৬২০-৬৪০, রাজশাহীতে ২৯০-৩২০, রংপুরে ৪১০-৪৪০, খুলনায় ২৮০-৩২০ এবং বরিশালে ৪৬০ থেকে ৫১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।