দিনাজপুর হিলি রেলস্টেশন থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৪৫) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বিকেল ৫টায় হিলি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নীলসাগর ট্রেনের সঙ্গে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ক্রসিংয়ের সময় পঞ্চগড় ট্রেনের ইঞ্জিনে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক নারী লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পঞ্চগড় এক্সপ্রেসে আসা মরদেহের দুই পা থেতলে গেছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ওই নারী ইঞ্জিনের সঙ্গে আটকে নিহত হন। তার কোন পরিচয় পাওয়া যায়নি।





