Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পরীক্ষা আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

admin • 02 Feb 2023, 08:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পরীক্ষা আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

জামালপুরের মেলান্দহ উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি মেলান্দহ কলেজে ভবন সংকট থাকায় জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে বসে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও রয়েছেন আতঙ্কে।

সরেজমিন গিয়ে দেখা যায়, পলেস্তারা খসে পড়া পরিত্যক্ত ঝুকিপূর্ণ ভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের পাবলিক পরীক্ষা চলছে। মেলান্দহ সরকারি কলেজের বিজ্ঞান ভবন, প্রশাসনিক ভবন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনে শেওলা জমে রয়েছে।

বিজ্ঞান ভবনের তৃতীয় ও দ্বিতীয় তলার বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে পড়েছে। বেরিয়ে গেছে ভেতরের রড। পিলারে ফাটল ধরেছে, ভবনের একটি রুমে ছাদের পলেস্তারা খসে পড়েছে, পলেস্তারা যেন খসে না পড়ে তার জন্য কাঠ ও বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রাখা হয়েছে।

মেলান্দহ সরকারি কলেজ প্রশাসনিক সূত্রে জানা যায়, এ কেন্দ্রে মাদারগঞ্জ উপজেলার ৩টি ও মেলান্দহের ৪টি কলেজের ৭৫৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। কলেজের তিনটি ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তিনটি ভবনই ইতোমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফাতেমা জান্নাত নামে পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আতঙ্ক নিয়েই পরীক্ষা দিচ্ছি। ছাদ থেকে সিমেন্ট খসে পড়ছে, রড দেখা যাচ্ছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে।

মেলান্দহ সরকারি কলেজের শিক্ষার্থী নুরজাহান আক্তার, ‘অল্প বৃষ্টিতেই পানি রুমে পড়তে শুরু করে। সব ক্লাস রুমের একই অবস্থা। পলেস্তারা খসে খসে পড়ছে। এজন্য অনেকেই ভয়ে ক্লাসে আসতে চায় না। আতঙ্কের মধ্যে আমাদের ক্লাস করতে হয়’

নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ শিক্ষক জানান, কলেজটি শহরের প্রাণকেন্দে অবস্থিত হলেও অন্যান্য কলেজের তুলনায় অবহেলিত।

 

মেলান্দহ সরকারি কলেজে অধ্যক্ষ হাসান তৌফিক মো. আলী নূর বলেন, তিনটি ভবন জরাজীর্ণ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ক্লাস রুম না থাকায় জরাজীর্ণ ভবনেই বাধ্য হয়ে পরীক্ষা নিতে হচ্ছে।

এ বিষয়ে জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, কলেজের ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে এটা জানি। দুটি বিল্ডিং করা হচ্ছে ক্লাসরুম বাড়ানোর জন্য। আর বড় প্রকল্পের জন্য সংসদ সদস্যের ডিও লেটারসহ ছয়তলা ভবন করার জন্য প্রস্তাব প্রকল্প পরিচালকের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।