Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবির আবাসিক হলের পাশে একাডেমিক ভবন নির্মাণের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

admin • 26 Nov 2024, 11:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাবির আবাসিক হলের পাশে একাডেমিক ভবন নির্মাণের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক শহিদ সালাম বরকত হলের পাশে চারুকলা বিভাগের একটি একাডেমিক ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল যা বর্তমানে স্থগিত রয়েছে।

ভবনের নির্মাণ কাজ স্থগিত রাখায় সোমবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা দুপুরে রেজিস্টার ভবনে তালা ঝুলিয়ে দেয়। তাদের দাবি ছিল চারুকলা বিভাগের ভবনের নির্মাণ কাজ স্থগিত না রেখে আবার শুরু করা এবং দ্রুত সময়ের মাঝে কাজ শেষ করা।

পরে সন্ধ্যায় সারাদিনে রেজিস্টার ভবনে আটকে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বের করার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের তালা খুলে দেওয়ার অনুরোধ করলে চারুকলা বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আবির বলেন, আমরা ভিসি স্যারের কাছ থেকে স্থগিত রাখা ভবনের নির্মাণ কাজ পুনরায় চালু করার আশ্বাস পেলে তালা খুলবো।

 

এদিকে রাত সাড়ে এগারটার দিকে, বিশ্ববিদ্যালয়ের শহিদ সালাম বরকত হলের সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেজিস্টার ভবনের সামনে আসে। তাদের দাবি ছিল আবাসিক হলের পাশে কোনো ধরনের একাডেমিক ভবন নির্মাণ করা যাবে না।

 

এ ঘটনায় শহিদ সালাম বরকত হলের একজন শিক্ষার্থী দ্যা ডেইলি মিরর অফ বাংলাদেশকে বলেন, এর আগে ছাত্রলীগ, আওয়ামি লীগ এর ছায়াতলে অপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি আবাসিক হলের সামনে একাডেমিক ভবন নির্মাণের কাজ শুরু করে। এখন আমরা সেই অপচেষ্টা সফল হতে দিবো না। এখানে একাডেমিক ভবন নির্মাণের জন্য প্রাকৃতিক পরিবেশের ক্ষতির পাশাপাশি আবাসিক এলাকার এবং হলের সুষ্ঠূ পরিবেশ নষ্ট হবে।

 

হলের অপর এক শিক্ষার্থী বলেন, এখানে একাডেমিক ভবন নির্মাণের ব্যাপারে আমাদের যা আপত্তি ছিল তা আমরা কিছুদিন আগে হলের সাধারণ শিক্ষার্থীদের গণ-স্বাক্ষর নিয়ে দুটি স্মারকলিপির একটি উপ-উপাচার্য ও অপরটি উপাচার্যের কাছে দিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় ভবন নির্মাণের কাজ সাময়িক স্থগিত রাখা হয়েছিল। কিন্তু আজকে চারুকলা শিক্ষার্থীদের চাপে পুনরায় সেই ভবন নির্মাণের কাজ চালু করার প্রস্তাবে রাজি হলে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কোনোভাবেই চারুকলা বিভাগের ভবন নির্মাণের বিরোধীতা করছি না, আমরা চাই আমাদের আবাসিক হলের পাশে যেন কোনো ধরনের একাডেমিক ভবন নির্মাণ করা না হয়।

 

এদিকে রেজিস্টার ভবনের সামনে উপাচার্য বলেন, কিছুক্ষণ আগে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আজকে সারাদিন রেজিস্টার ভবনে তালা লাগিয়ে কর্মকর্তা-কর্মচারীদের আটকে রেখে তাদের দাবি জানিয়েছিল যেন স্থগিত রাখা ভবনের কাজ দ্রুত সময়ের মাঝে পুনরায় শুরু করা হয়। এখন তোমরা চাও না যে তোমাদের আবাসিক হলের পাশে কোনো একাডেমিক ভবন হোক।

এমন্তাবস্থায় আমাদের সকলের এ বিষয়ে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা আগামী ২৮ নভেম্বর একটি মিটিং এ আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নিলে ভালো হবে। পরে শহিদ সালাম বরকত হলের শিক্ষার্থীরা মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর দিয়ে ঘুরে হলের দিকে ফিরে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।