Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে সাংস্কৃতিক জোটের কালো দিবস পালিত

admin • 28 Nov 2024, 10:05 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাবিতে সাংস্কৃতিক জোটের কালো দিবস পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কালো দিবস পালন করলো জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। ২০১০ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’র কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা যার স্মরণে প্রতিবছর আজকের এই দিনে ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে সংগঠনটি।

 

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে প্রত্যেকে একটি করে প্রজ্বলিত মোমবাতি হাতে একটি মৌন মিছিল নিয়ে শহিদ মিনার প্রাঙ্গনে উপস্থিত হন তারা। এরপর কয়েকজনের বক্তব্য প্রদান ও একটি আবৃত্তি প্রযোজনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

 

এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রক্টর রাশেদুল আলম। তিনি বলেন, ২০১০ সালের নভেম্বরের আজকের দিনে ‘ধ্বনি’র অফিসে আগুন দেয় তৎকালীন সরকার দলীয় ছাত্র সংগঠনের কিছু দুষ্কৃতিকারীরা। এটি অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা এবং এই ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে শিক্ষা দেয়, ভবিষ্যতে কিভাবে চলতে হবে বলে আমি মনে করি।

 

আরও উপস্থিত ছিলেন ধ্বনি'র উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খোরশেদ আলম। তিনি বলেন, সংস্কৃতিকে বহন করে নেওয়ার জন্য আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আজকে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, আমরা একতাবদ্ধ হই, একতাবদ্ধ থাকি, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাই।

 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধ্বনি'র বর্তমান সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা। সকলের বক্তব্যের মূল সুর ছিল, ধ্বনি সংগঠনটি তার সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এবং বিভিন্ন সময়ে ধ্বনি'র এ আওয়াজ তোলা বন্ধ করার চক্রান্ত করেছে দুর্বৃত্তরা।

 

ধ্বনি'র উপর সবচেয়ে বড় যে আগ্রাসন এসেছিল তা হলো ২০১০ সালের ২৭ নভেম্বর। এ দিনে তৎকালীন সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু দুর্বৃত্ত কর্মীরা ধ্বনি'র অফিসে ভাঙচুর করে, অগ্নিসংযোগ ঘটায়।

 

এতদিন পরেও এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হয়নি। এখন যেহেতু সারাদেশে একটা পরিবর্তনের ঝড় উঠেছে, আমরাও আশা করি বিশ্ববিদ্যালয়ের নতুন এই প্রশাসন এই বিষয়ে সুনজর দেবে এবং এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শাস্তির আওতায় নিয়ে আসবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।