Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত; আর্থিক সাহায্যের অপেক্ষায় চার ভর্তিচ্ছু শিক্ষার্থী

Sohag Shah • 09 Feb 2026, 01:02 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাবিতে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত; আর্থিক সাহায্যের অপেক্ষায় চার ভর্তিচ্ছু শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি ফি জোগাড় করতে না পারায় অনিশ্চিত হয়ে পড়েছে চারজন ভর্তিচ্ছু শিক্ষার্থীর ভবিষ্যৎ। আগামী ১৬ ফেব্রুয়ারি ভর্তি ফি জমা দেওয়ার শেষ সময় এবং ১৭ ফেব্রুয়ারি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত থাকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন তারা।

ভর্তি অনিশ্চয়তায় থাকা শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের (শিফট–৫) একজন, মাইক্রোবায়োলজি বিভাগের (শিফট–২) একজন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের (শিফট–৪) একজন এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট (সিএলসি) বিভাগের (শিফট–৪) একজন; সর্বমোট চারজন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

শিক্ষার্থীদের পারিবারিক আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। এক শিক্ষার্থীর বাবা ভাঙারি ব্যবসায়ী; পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন। দ্বিতীয় শিক্ষার্থীর বাবা ক্ষুদ্র ব্যবসায়ী এবং চার সদস্যের পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন।

এদিকে তৃতীয় শিক্ষার্থীর বাবা একজন দিনমজুর, বর্তমানে অসুস্থ; চার সদস্যের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। অন্যদিকে চতুর্থ শিক্ষার্থীর বাবা সিএনজি চালক; পাঁচ সদস্যের পরিবার নিয়ে তার আয় সীমিত।

প্রতিজন শিক্ষার্থীর ভর্তি ফি ১৫ হাজার টাকা করে চারজনের জন্য মোট অর্থ প্রয়োজন ৬০ হাজার টাকা। এই অর্থ জোগাড় করতে না পেরে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘ইচ্ছা’-র কাছে সহায়তা চান।

সংগঠনটির সভাপতি তারিফ জামান বলেন, “আমাদের সংগঠনের পেজে চারজন ভর্তিচ্ছু শিক্ষার্থী আর্থিক সহায়তার জন্য যোগাযোগ করে। এরপর আমরা আমাদের পেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে প্রচারণা চালাই। এখন পর্যন্ত বিকাশের মাধ্যমে মাত্র ২ হাজার টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। চারজন শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত করতে তিনি জাবিয়ানদের সম্মিলিত সহায়তা কামনা করেছেন।”

তিনি আরও বলেন, "আমাদের সামান্য আর্থিক সহায়তাই এই চার মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ নিশ্চিত করতে পারে। সহৃদয়বান জাবিয়ানসহ সমাজের যে কোনো সহানুভূতিশীল ব্যক্তি এগিয়ে এলে এই চার শিক্ষার্থীর স্বপ্ন পূরণ সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।"

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।