ক্যাম্পাস
জাকসু নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর, অংশ নিতে পারবে না ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীরা
Sohag Shah
• 10 Aug 2025, 05:45 PM
• পঠিত 2 বার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন জাকসু নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নিয়ম অনুযায়ী এ নির্বাচনে কোনোরকম অংশগ্রহণ নিতে পারবে না বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনে ভর্তি হওয়া ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীরা।
রোববার (১০ আগস্ট) দুপুর প্রায় সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন।
জাকসুর গঠনতন্ত্রের ৮(খ) ধারা অনুযায়ী এ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১০ আগস্ট ২০২৫ খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। পরে ১৪ আগস্ট বিকাল ৪ টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে এবং আগামী ১৭ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক পদপ্রার্থীগণ আগামী ১৮ ও ১৯ আগস্ট সকাল ০৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ ও জমা দিতে পারবেন।
পরে মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে আগামী ২৬ আগস্ট সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
পরে আপিলের শুনানি গ্রহণ করা হবে ২৭ আগস্ট সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ আগস্ট বুধবার বিকাল ৪ টায়।
এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৮ আগস্ট সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৯ আগস্ট বিকাল ৪ টায়।
তফসিলে আরও বলা হয়, আগামী ২৯ আগস্ট বিকাল ৪ টা থেকে ০৯ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।
সবকিছু শেষে তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ।
ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টা থেকে বিরতিহীনভাবে।
জাকসু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম (জাবি প্রক্টর) বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী পরিবেশ-পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর সদস্যরা থাকবেন এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত সকল বৈধ শিক্ষার্থীগণ জাকসু নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হবেন, এবং যেহেতু ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীদের এখনো পর্যন্ত হল এলোটমেন্ট দেওয়া হয়নি তাই তারা জাকসু নির্বাচনে অংশ নিতে পারবে না।
সোহাগ/মিরর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





