জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. রেজাউল করিমকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত)। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে এবারই প্রথম উপাচার্য পেল পুরান ঢাকায় অবস্থিত এই বিদ্যাপীঠটি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০ (১) ধারা অনুযায়ী প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. মো. রেজাউল করিম, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।
অধ্যাপক রেজাউল করিম একজন প্রতিথযশা গবেষক। তার গবেষণার সংখ্যা প্রায় অর্ধশত। তিনি জাপানের ইউনিভার্সিটি অব সুকুবা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
অধ্যাপক ড. রেজাউল করিম ২০০৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সব রুলস রেগুলেশন তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এর আগে তিনি ১৯৮৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেছেন।





