কাশির সঙ্গে রক্ত বের হচ্ছিল শিশুটির। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেল বাঁ ফুসফুসে আটকে আছে একটি সুঁই। চিকিৎসকরাও প্রথমে বুজতে পারছিলেন না কীভাবে এত জায়গার মধ্যে অস্ত্রোপচার করা যায়।
শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তে পৌঁছান চিকিৎসকরা। তাঁরা একটি চুম্বক ওই শিশুর ফুসফুসে প্রবেশ করিয়ে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সুঁই বের করে।
এ ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। আর এমন অভিনব পদ্ধতিতে চিকিৎসাটি সম্পন্ন করেছেন স্থানীয় এআইআইএমএস হাসপাতালেই চিকিৎসকরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, চাঁদনী চক বাজার থেকে চৌম্বক কিনে এনে ওই শিশুর ফুসফুসে আটকে থাকা সুঁইটি বের করা হয়।
এ নিয়ে এআইআইএমএস হাসপাতালের চিকিৎসক বিশেষ জৈন বলেন, ৪ মিলিমিটার প্রস্থ এবং দেড় মিলিমিটার পুরুত্বের চুম্বকটি সুঁই বের করার জন্য যথাযথ ছিল। এই উপায় কাজ না করলে শিশুটির বুক চিড়ে সুঁইটি বের করতে হতো,যা আমাদের জন্য আরও কঠিন ব্যাপার ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কীভাবে ফুসফুসে সুঁই ঢুকল, তা ওই শিশুটির পরিবার জানাতে পারেনি।
সূত্র:এনডিটিভি





