Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চাঁদার দাবিতে ফলের দোকানে ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার

admin • 26 Apr 2026, 08:34 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চাঁদার দাবিতে ফলের দোকানে ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ফল বিক্রেতার দোকান ভাঙচুর ও মারধরের ঘটনায় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার মো. সালাউদ্দিন (৫৫) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহসভাপতি ও ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এর আগে, গত শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী মো. আজিজুল হক (৬০) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ পুল-সংলগ্ন বাজারে তার একটি ফলের দোকান রয়েছে। একই এলাকার সালাউদ্দিন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বাজারের সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ ও ভাড়া দিয়ে আসছিল। পাশাপাশি বাজারের প্রতিটি দোকান থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি দেখিয়ে দোকান উচ্ছেদ করে দেয় বলেও অভিযোগ করা হয়। এ ছাড়া সালাউদ্দিন রাজনৈতিক প্রভাব ব্যবহার করে চাঁদাবাজি করত এবং বর্তমানে ক্ষমতাসীন দলের পরিচয় দিয়ে আবারও বাজারে প্রভাব বিস্তার করছে। এর আগে দোকান দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হলেও প্রতিশ্রুতি পূরণ করেনি।

অভিযোগে উল্লেখ করা হয়, গত এক মাস অসুস্থ থাকায় চাঁদা দিতে না পারলে শুক্রবার তিনি দোকান বসাতে গেলে সালাউদ্দিনসহ ৭-৮ জন এসে তাকে গালিগালাজ ও মারধর করেন। এ সময় দোকানের প্রায় ৮০ হাজার টাকার ফল নষ্ট করে খালে ফেলে দেয় এবং দোকান ভাঙচুর করে। বাধা দিতে গেলে তার ছেলেকেও মারধর করে।

ভুক্তভোগী আজিজুল হক জানান, অভিযুক্তরা তাকে ও তার সন্তানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এতে তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা জানান, সালাউদ্দিন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের অনুসারী ছিল। বর্তমানেও ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে বাজারে চাঁদাবাজি ও প্রভাব বিস্তার করছে। এ ছাড়া দোকান দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হলেও তা বাস্তবায়ন করেনি।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ওসি এমদাদুল হক বলেন, ফল বিক্রেতার অভিযোগের ভিত্তিতে ঘটনা সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কোট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ এশিয়া পোস্টকে বলেন, অভিযুক্ত সালাউদ্দিনকে আদালতে হস্তান্তর করা হয়েছে। তার আইনজীবীরা জামিন চেয়েছেন। তবে আদালত জামিন না মঞ্জুর করে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।