Thursday, 22 October 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, হতাহত ৯

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, হতাহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এতে একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

 

সৌদির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিসিএএ) এক বিবৃতিতে জানায়, আহত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ গুরুতর আঘাত পেয়েছেন। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিনে সৌদি অরামকোর সায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত করার সময় প্রাণ হারিয়েছেন আরও দুইজন।

 

 

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি আরামকোর সায়বাহ তেলক্ষেত্রের অবকাঠামোয় ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ড্রোন শনাক্ত করে প্রতিহত করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় দুজন মারা গেছেন।

 

সাম্প্রতিক সময়ে সৌদি বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এর আগে রিয়াদ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। গত ১০ অক্টোবরেও একই বিমানবন্দরে পৃথক এক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছিলেন।

 

পরিস্থিতির অবনতি ঘটায় মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে নিযুক্ত নিজেদের কূটনীতিক ও স্বজনদের দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে। পাশাপাশি রিয়াদের মার্কিন দূতাবাস আরও সম্ভাব্য হুথি হামলার আশঙ্কায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

 

ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখা নিয়ে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। লড়াইয়ে হুতিদের বিপক্ষে অবস্থান সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের।

 

হুতিদের বিভিন্ন স্থাপনায় সৌদি জোটের নেতৃত্বে হামলা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে হুতিরা সৌদি ভূখণ্ডে একের পর এক হামলা চালাচ্ছে। বিশেষ করে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।