জামালপুরের সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে সুমাইয়া খাতুন (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাত ১০টা দিকে পৌর এলাকার কোনাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া পৌরসভার মাইজবাড়ী এলাকার দিনমজুর সাইদুল রহমানের মেয়ে।
পারিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশুকে নিয়ে তার মা নানীর বাড়ি বেড়াতে যান। রাতে বিছানায় বসিয়ে ঘরের কাজে ব্যস্ত ছিলেন তিনি। পরিবারের অগোচরে বিছানায় থাকা চানাচুর মুখে দেয় সুমাইয়া। এসময় চানাচুর গলায় আটকে যায়। বাড়ির লোকজন চেষ্টা করেও তা বের করতে ব্যর্থ হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদুর রহমান জানান, গলায় খাবার আটকে যাওয়া সুমাইয়া নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।





