Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গভীর রাতে গাছচাপায় ঘুমন্ত মা ও ২ মেয়ের মর্মান্তিক মৃত্যু

admin • 27 Apr 2026, 11:21 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গভীর রাতে গাছচাপায় ঘুমন্ত মা ও ২ মেয়ের মর্মান্তিক মৃত্যু

জামালপুরে বৈশাখী ঝড়ের তাণ্ডবে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় সোমবার (২৭ এপ্রিল) মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।

 

নিহতরা হলেন—দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

 

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে নিজ বসতঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন মা ও দুই মেয়ে। রাত গভীর হলে হঠাৎ শুরু হয় দমকা হাওয়া ও বৈশাখী ঝড়। একপর্যায়ে ঘরের পাশে থাকা একটি বড় মেহগনি গাছ উপড়ে টিনের ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রাতের অন্ধকার ও ঝড়ো আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। পরে সকালে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন এবং গাছের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

 

এদিকে হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় দাগী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে মা ও দুই মেয়ের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।

 

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে সহায়তার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।