Monday, 19 October 2026
শিরোনাম
ক্যাম্পাস

খালেদা জিয়ার জন্মদিনে জাবিতে দোয়া মাহফিল,আহ্বায়ক-সদস্য সচিব অনুপস্থিত

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার জন্মদিনে জাবিতে দোয়া মাহফিল,আহ্বায়ক-সদস্য সচিব অনুপস্থিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। কিন্তু এ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন খোদ শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং সদস্য সচিব।

শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য-সচিব ওয়াসিম আহমেদ অনিক সহ শীর্ষ পাঁচ নেতার কেউই উপস্থিত ছিলেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি শাখা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটির সম্প্রসারণ করা হয়েছিল এবং পাশাপাশি গঠন করা হয় হল কমিটি। কিন্তু কমিটিতে ছাত্রলীগ পুনর্বাসন, বহিষ্কৃত ও বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের পদায়ন করায় বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

এদিকে দুঃসময়ে ছাত্রদলের আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগও উঠেছিল। পরে অবহেলার স্বীকার হওয়া নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছিল।

জানা যায়, এ ঘটনার পর থেকেই ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ সুপার ফাইভ নেতারা।

দোয়া মাহফিলে যুগ্ম আহ্বায়ক জরজীস মোহাম্মদ ইব্রাহীম বলেন, গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদ জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের পূর্বঘোষিত দোয়া ও মিলাদ মাহফিলের অংশ হিসেবে জাবি শাখা ছাত্রদলেরও দোয়া-মাহফিল করার নির্দেশনা ছিল। কিন্তু শাখা ছাত্রদলের আহ্বায়ক-সদস্য সচিবসহ অন্য শীর্ষ নেতৃবৃন্দ ক্যাম্পাসে ‘বিতর্কিত’ বর্ধিত কমিটি ও হল কমিটি ঘোষণার পর ক্যাম্পাস থেকে পালিয়ে গেছেন। গত ৮ দিন ধরে তারা ক্যাম্পাসে ছাত্রদলের কোন কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করছেনা।

তিনি আরও বলেন, এমনকি আজকের দিনে আমাদের দেশনেত্রীর সুস্বাস্থ্য কামনায় যে দোয়া মাহফিল তারা সেটিও করতে আসেনি। আমরা দেশনেত্রীর সুস্বাস্থ্য কামনা করি এবং এই ব্যর্থ আহ্বায়ক-সদস্য সচিবদের অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের দৃষ্টি আকর্ষণ করছি।

ক্যাম্পাসে না আসার বিষয়ে জানতে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে ক্যাম্পাসে না থাকলেও আবাসিক হলগুলোতে মিলাদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক।

তিনি কোথায় আছেন জানতে চাইলে বলেন, আমরা অফিশিয়াল কাজে ব্যস্ত আছি। তবে হলগুলোতে মিলাদের নির্দেশনা দিয়েছি। সেন্ট্রাল মসজিদে যারা মিলাদ করেছে তারা আমাদের কেউ না।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।