Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন

admin • 07 Jul 2026, 07:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রকৃত খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে শহরের এনএস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হয়নি। মূল পরিকল্পনাকারী ও হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার বিচারহীনতার সংস্কৃতি স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তাই রুবেল হত্যা মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত আসামিদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে।

দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল, ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, একুশে টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদ হাসান, আয়না টিভির প্রতিনিধি সোহেল পারভেজ এবং কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

এ সময় কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মওলা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হত্যা মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

   

উল্লেখ, ২০২২ সালের ৩ জুলাই সন্ধ্যার পর নিখোঁজ হন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। চার দিন পর, ৭ জুলাই কুষ্টিয়ার গড়াই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।