বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল হেরে যাওয়ায় ব্রাজিল সমর্থকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকালে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যা করেছেন কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট গ্রামের হোসেন মিস্ত্রীর ছেলে রতন (১৯)। নিহত রতনের একটি কন্যা সন্তান রয়েছে।
জানা যায়, রোববার রাতে বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিল হেরে যাওয়ার পর থেকেই রতন উদভ্রান্তের মতো আচরণ করতে থাকে। এবং সকালে ঘুম থেকে উঠে পার্শ্ববর্তী দোকানে গিয়ে একটি পাউরুটি খেয়ে বাড়িতে ফিরে এসে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়।
পরবর্তীতে তার শাশুড়ী সহ বাড়ির লোকজন ডাকাডাকির এক পর্যায়ে জানালা দিয়ে তাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে দরজা ভেঙে উদ্ধার করে। এবং স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষনা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান, নিহতের পরিবারের ভাষ্যমতে মতে, ফুটবল খেলায় নিহতের পছন্দের দল হেরে যাওয়ার কারণে আত্মহত্যা করেছে। লাশের সুরতহাল করা হয়েছে এবং পরিবার ও স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।





