Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কক্সবাজারে ৫০০ বেডের হাসপাতাল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

admin • 12 Jan 2023, 08:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কক্সবাজারে ৫০০ বেডের হাসপাতাল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘কক্সবাজারে ৫০০ বেডের হাসপাতাল করা হবে। দেশ-বিদেশ থেকে প্রতিবছরই লাখ লাখ পর্যটক কক্সবাজার আসেন। সেই সঙ্গে কক্সবাজারে ১২ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী বাস করছেন। এছাড়া, স্থানীয় প্রায় ২৮ লাখ বাসিন্দা আছেন।’

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কক্সবাজার জেলা সদর হাসপাতালে বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআর-এর যৌথ উদ্যোগে কক্সবাজার জেলা সদর ২৫০ বেড হাসপাতালে নবনির্মিত ‘ডা. আব্দুর নুর বুলবুল ভবন’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রতিদিনই এখানকার সরকারি হাসপাতালে ধারণক্ষমতার বাইরে গিয়ে অনেক রোগীর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এসব কারণে কক্সবাজারে চিকিৎসা সেবা আরো বৃদ্ধি করা জরুরি।’

তিনি বলেন, ‘কক্সবাজারে বর্তমানে আড়াইশ বেডের জেলা সদর সরকারি হাসপাতাল থাকলেও সেখানে ছয় থেকে সাতশ রোগী প্রতিদিনই চিকিৎসা সেবা নিচ্ছে। এত রোগীর চাপে হাসপাতালের ফ্লোরেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এজন্য এই হাসপাতালের শয্যা সংখ্যা আরো বৃদ্ধি করা জরুরি। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অচিরেই কক্সবাজারে আড়াইশ বেড থেকে বাড়িয়ে পাঁচশ বেডের হাসপাতাল করা হবে। এর পাশাপাশি এই হাসপাতালে ডায়ালাইসিস সেবা দেবারও ব্যবস্থা করা হবে।’

জাহিদ মালেক বলেন, ‘বর্তমানে তিন তলা বিশিষ্ট আড়াইশ বেড হাসপাতালটি এখানকার প্রায় ২৮ লাখ স্থানীয় বাসিন্দাসহ অন্যদেরও সেবা দিয়ে যাচ্ছে। কক্সবাজারে নতুন করে পরিত্যক্ত জায়গা পাওয়া অনেক কঠিন। তাই হাসপাতাল ভবনটি ১০ তলা করা হলে এখানকার পর্যটকসহ স্থানীয় ২৮ লাখ মানুষের সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে।’

মিয়ানমার থেকে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কারণে স্থানীয় বাসিন্দাদের নানারকম সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ছিল ১০ লাখ, এখন সেটি আরো বেড়েছে। প্রতিদিনই রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাদের কারণে এদেশের মূল্যবান বনভূমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এই রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা আরো বেড়ে গেলে তা দেশের জন্য স্বস্তির হবে না।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।