এক্সক্লসিভ
জাতীয়
এসির ধোঁয়ায় অসুস্থ তিন নারী, জানালা ভেঙে উদ্ধার
admin
• 23 Aug 2022, 04:13 AM
• পঠিত 2 বার
রাজধানীর সেগুনবাগিচায় একটি বাসায় এসি থেকে বের হওয়া ধোঁয়ায় রাফিজা আক্তার (৩৯), সানজিদা (১৯) ও জয়নব (৬২) নামে তিন নারী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৪টার দিকে সেগুনবাগিচায় রমনা পেট্রোল পাম্পের পাশে গণপূর্ত স্টাফ কোয়ার্টারের একটি বাসায় এ ঘটনা ঘটে।
অসুস্থ সানজিদা জানান, ভোরে যখন তারা ঘুমিয়ে ছিলেন তখন হঠাৎ রুমে ধোঁয়া দেখতে পান। তবে রুম থেকে বের হতে পারছিলেন না। তখন তাদের চিৎকারে আশপাশের বাসার লোকজন ওই বাসার জানালা ভেঙে তাদেরকে বাইরে বের করে।
তাদের প্রতিবেশী মো. শামীম জানান, বাসাটিতে থাকেন আব্দুল্লাহ আল মানুনের পরিবার। তিনি গণপূর্ত অধিদফতরে চাকুরি করেন। রাতে তার স্ত্রী রাফিজা, রাফিজার ভাগনি সানজিদা ও গৃহপরিচারিকা জয়নব সহ পরিবারের সবাই ছিলেন। সানজিদা গ্রাম থেকে খালা-খালুর বাসায় বেড়াতে এসেছেন। রাতে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ওই বাসায় যায়। পরে জানালা ভেঙে তাদেরকে বাইরে বের করে আনা হয়। এসি থেকে আগুন লাগায় ধোঁয়া বের হয়েছে বলে তাদের ধারণা। তবে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তাদের শরীরে দগ্ধ হয়নি। ধোঁয়া থেকে সবার শ্বাসকষ্ট হচ্ছে। তাদেরকে ভর্তি রাখা হয়েছে।
মিরর/ হিমেল
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





