কুমিল্লার বুড়িচং উপজেলায় এশার আজান দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. আমিনুল ইসলাম (৪৮) নামে এক ইমামের আকস্মিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে এই ঘটনা ঘটে। আজানরত অবস্থায় তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আমিনুল ইসলাম গোপিনাথপুর গ্রামের কাজীবাড়ি এলাকার মৃত শামসুল আলমের ছেলে। তিনি দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে ওই মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একইসঙ্গে প্রায় এক দশক ধরে তিনি কণ্ঠনগর দক্ষিণপাড়া দারুল সুন্নাহ তাহফিজুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দ্বীনি শিক্ষা প্রদানে যুক্ত ছিলেন।
স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার রাতে তিনি প্রতিদিনের মতোই এশার আজান দিচ্ছিলেন। আজানের একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা দ্রুত তাঁকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রব্বানী সোহেল তাঁকে মৃত ঘোষণা করেন।
অত্যন্ত সাদাসিধে, বিনয়ী ও ধর্মপ্রাণ এই আলেমের মৃত্যুতে স্থানীয় মুসল্লি, মাদরাসার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের আবহ বিরাজ করছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসন্তান রেখে গেছেন। মরহুমের শ্যালক ও বুড়িচং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাজির মাহমুদ নছির জানান, রোববার (১২ জুলাই) বাদ জোহর গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।





