Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংহতি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংহতি

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করেছেন পরীক্ষার্থীরা। এই আন্দোলনে সংহতি প্রকাশ এবং সকল ইউনিটকে শিক্ষার্থীদের পাশে থাকার নির্দেশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

মঙ্গলবার (১৪ জুলাই) সংগঠনটির সার্চ কমিটির সদস্য লোকমান হোসেন লিমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, 'সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি এবং দুর্যোগকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের বাস্তব সংকট উপেক্ষা করে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না করায় দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন কর্মসূচি পালন করছেন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক অবস্থা এবং সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বহু শিক্ষার্থী যাতায়াত সংকট, শিক্ষাসামগ্রী নষ্ট হওয়া এবং আশ্রয়কেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহৃত হওয়ার মতো বাস্তব সমস্যার মুখোমুখি। এমন পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের শামিল।

আমরা সারা বাংলাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের চলমান যৌক্তিক আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং তাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাচ্ছি।

 

একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, থানা ও ইউনিট কমিটির নেতাকর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করা হচ্ছে যে, নিজ নিজ এলাকায় পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচিতে সর্বাত্মক নৈতিক সহায়তা ও সংহতি জানাবেন। তবে কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, জনদুর্ভোগ সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানানো হচ্ছে।

 

আমরা পুনরায় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সমান সুযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ সংশ্লিষ্ট পরীক্ষাগুলো স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন সময়সূচি ঘোষণা করা হোক এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করা হোক।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।