ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক মো. শাহেদ।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো ভিসি নিয়োগ দেওয়া হয়নি। ফলে শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। ছাত্র আন্দোলনের সময় যেসব শিক্ষক আমাদের পাশে ছিলেন, আমাদের জেল থেকে ছাড়িয়ে এনেছেন, সেসব শিক্ষকের মধ্য থেকে কাউকে ভিসি হিসেবে দেখতে চাই।
তারা আরো বলেন, আমরা বাইরের কাউকে আমাদের ভিসি মানি না। এ সময় বাইরের বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ দিলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ, লোক প্রশাসনের শিক্ষার্থী ওয়াসেদসহ অন্যান্য শিক্ষার্থীরা।





