লালমনিরহাটে ট্রেনের ইঞ্জিন পাল্টাতে গিয়ে ধাক্কায় ট্রেনে থাকা ২০ যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩০ মার্চ) সকালে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল ট্রেনটিতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, বুড়িমারী থেকে ছেড়ে ট্রেনটি লালমনিরহাট স্টেশনে পৌঁছালে অন্যান্য যাত্রীরা নেমে গেলেও রংপুরগামী যাত্রীরা ট্রেনে বসা ছিল। গাড়িটির ইঞ্জিন বদল করে আরেকটি ইঞ্জিন লাগানোর সময় ইঞ্জিন ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনে থাকা যাত্রীরা আচমকা ঝাঁকুনিতে এদিক ওদিকে পরে যায়। অনেকের মাথায় হঠাৎ ধাক্কায় ফেটে রক্ত ঝড়তে থাকে। এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হন। পরে রেলপুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে ভর্তি করায়।
আহত জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় গ্রামের সামিনা বেগম জানান, ইঞ্জিনটি বিকট শব্দে গাড়িতে ধাক্কা দেয়। এতে আমার মাথা ফেটে যায়। মাথায় ১৬টি সেলাই পড়েছে।
অপর আহত হাবিবুল হক, সমিরন বেগম জানান, ইঞ্জিন পাল্টাতে গিয়ে হঠাৎ ধাক্কায় আমরা পরে যাই। আমরা খুবই আহত হয়েছি। এখন চিকিৎসা নিচ্ছি।
দায়িত্বরত স্টেশন মাস্টার জামিল উদ্দিন আহমেদ জানান, ট্রেনটির ইঞ্জিন লাগানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। তাদের রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এটি একটি দুর্ঘটনা।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী বলেন, বুড়িমারী থেকে এসে ইঞ্জিন বদলের সময় ট্রেনে ধাক্কা লাগে। এতে কয়েকজন আহত হলে আমরা রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দিয়েছি। পরে ট্রেনটি সময় মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।





