Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

আমি যন্ত্রের উপর আমার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব: ইবি উপাচার্য

admin • 19 Dec 2022, 05:37 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আমি যন্ত্রের উপর আমার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব: ইবি উপাচার্য

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, আমি যন্ত্রের উপর আমার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব। যুগের উপযোগী হিসাবে সময়ের সঙ্গে বেঁচে থাকব, মনুষ্য সমাজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব।

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে প্রশাসন ভবনের ৩য় তলায় বিভাগীয় সভাপতিবৃন্দের অংশগ্রহণে ৪র্থ শিল্পবিপ্লব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, জিনের পরিবর্তন-নিষ্ক্রিয়করণ ঘটিয়ে রোগীকে বাঁচানোর জন্য চিকিৎসাবিদ্যায় এর ব্যবহারিক প্রয়োগ শুরু হয়েছে। কিন্তু আমরা এখনও কম্পিউটারের জ্ঞান ঠিকমতো রপ্ত করতে পারিনি।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের মোটামুটি স্বাদ আমরা পেতে শুরু করেছি এবং স্মার্ট বাংলাদেশ এর দিকে আমরা এগিয়ে চলেছি। এজন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে। পরবর্তী প্রজন্মের মাঝে উপলব্ধি জাগাতে হবে।

এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলকে বিজয়ের শুভেচ্ছা জানান।

কর্মশালায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার জন্য, প্রযুক্তিজ্ঞানে অগ্রবর্তী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে এপিএ টিমের আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, মানসিকতার পরিবর্তন না ঘটালে আমরা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবো না। বিভাগের কার্যক্রম লিপিবদ্ধ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেয়ার জন্য তিনি বিভাগীয় প্রধানদের অনুরোধ জানান।

প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান। এছাড়াও বক্তব্য রাখেন ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান।

কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ সাইফুল ইসলাম । ইনোভেশন টিমের সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ আলমগীর হোসেন খান উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।