Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

আমাকে বিবস্ত্র করে নির্যাতন করে ডিবি পুলিশ: জবি সমন্বয়ক

admin • 08 Sep 2024, 04:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আমাকে বিবস্ত্র করে নির্যাতন করে ডিবি পুলিশ: জবি সমন্বয়ক

‘আমাকে বিবস্ত্র করে নাভির নিচ থেকে হাটু পর্যন্ত বেধড়ক মারধর করে। রুটি যেভাবে বেলে ঠিক করে সেভাবে আমার নাভি থেকে হাটু পর্যন্ত লাঠি দিয়ে চাপ দেয়। ওরা আমার অন্ডোকোষে জোরে জোরে আঘাত করে।

 

প্রস্রাব করার সময় আমাকে বিদ্যুতের শক দেয়। আমার দুই হাঁটুতে হাতুড়ি দিয়ে পিটিয়ে ওরা ভেঙে ফেলে। আমি ভেবেই নিয়েছিলাম আমাকে মেরেই ফেলবে।’ এমনই ভয়ংকর নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জবির সমন্বয়ক নূর নবী।

 

শুক্রবার (৯ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে পুলিশের বিভৎস মারধরের বর্ণনায় এসব কথা বলেন জবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নূর নবী। গত ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ আগস্ট) তিনি মুক্তি পান।

 

সংবাদ সম্মেলনে নির্যাতনের শিকার নূর নবী বলেন, ‘আমাকে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এডিসি বদরুল (ডিএমপির কোতোয়ালি জোনের এডিসি) আমাকে ডেকে আলাদা করে। ডিবির পাঁচটা গাড়ি এসেছিল। তারা শুধু আমাকে এখান থেকে উঠিয়ে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। গাড়িতে উঠিয়েই আমাকে মার শুরু করে। বিশেষ করে সহকারী কমিশনার গোলাম মোস্তফা এবং তার সাথে যারা ছিল।’

 

তিনি বলেন, ‘যখন আমাকে ডিবি অফিসে নেওয়া হয়, তখন আমি ভেবেছিলাম গাড়িতে যে টর্চার করা হয়েছে, এর চেয়ে বেশি টর্চার আর হতে পারে না। আমাকে হয়ত এখন তারা ছেড়ে দেবে না হয় গ্রেপ্তার দেখাবে। কিন্তু এর চেয়ে যে পাশবিক নির্যাতন যে তারা করতে পারে, তা আমার কল্পনায় ছিল না। আমাকে যখন ডিবি কার্যালয়ে নিয়ে যায়, তখন চোখে কালো কাপড় বেঁধে দেয়। শুরুতে এক চেয়ারে বসিয়ে আমার শরীরের সব কাপড়চোপড় খুলে ফেলে।’

 

নির্যাতনের বর্ণনা দিয়ে নূর নবী আরও বলেন, ‘আমাকে চিৎ করে শুইয়ে দিয়ে মারতে মারতে বলে- তোর এক হাত তো ছাত্রলীগ ভেঙেছে, আরেক হাত আমরা ভেঙে দেব। আমার নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত মারধর করে। রুটি যেভাবে বেলে ঠিক সেভাবে আমার হাঁটু থেকে নাভি পর্যন্ত লাঠি দিয়ে চাপ দেয়। আমি কান্না করলেই বলত- তোকে মেরেই ফেলব। ঘণ্টার পর ঘণ্টা আমাকে এভাবে মারত। আমাকে মারছিল আর বারবার বলছিল, তোর তথ্য আমরা অনেক দিন থেকে শুনেছি, ক্যাম্পাস থেকে কয়েকজন তোর কথা আগেই বলেছে। তুই জঙ্গি, তুই শিবির। শেষ পর্যন্ত তারা আমাকে বলেছে, তুই ছাত্রদল করিস। তারা যেভাবে আমাকে মেরেছিল, আমি ভেবেছিলাম আমার পায়ের অংশ পচে যাবে বা কেটে ফেলতে হবে।’

 

‘পুলিশ গত ১৫ জুলাই থেকে আমার ফোন ট্র্যাক করছিল। আমি আমার মায়ের কাছ থেকে ১৭ তারিখ মোবাইল ফোনে বিদায় নিয়েছিলাম। বলেছিলাম, আমি মরে গেলে কেঁদো না। আর বেঁচে থাকলে বিকেলে ফোন দেব। এই ভয়েস রেকর্ডটা তারা শুনিয়ে শুনিয়ে মেরেছে। একপর্যায়ে ওরা আমার হাত-পা দুই দিক করে পা দিয়ে চেপে ধরে।’

 

কারেন্ট শকের বর্ণনা দিয়ে তিনি বলেন, পুলিশ আমাকে প্রসাব করতে বলে। প্রসাব করার সময় আমাকে বিদ্যুৎ শক দেয়। হাতে একটা ইনজেকশন দেয়। ওরা আমার অন্ডোকোষে জোরে জোরে আঘাত করে। বার বার আমার মনে হচ্ছিলো আমি মরে যাবো।

 

নূর নবী বলেন, ‘পরবর্তীতে তারা আমার থেকে বিএনসিসির কার্ড পায়। তখন বলে, আমি এত শক্ত কেন? এ জঙ্গি, সে জঙ্গি ট্রেনিং নিয়েছে। আমি এটা বলতে পারিনি যে আমি সেনা মহড়ায় অংশ নিয়েছি, আমি অন্তত জঙ্গি হতে পারি না। আমাকে উলঙ্গ অবস্থায় রেখে দেয়।’

 

‘একটা সময়ে বিকেলে ডিবি হারুন এসে বলে একে বাঁচিয়ে রাখছো কেন? একে ক্রসফায়ার দে। আমার দুই হাঁটুতে হাতুড়ি দিয়ে পিটিয়ে ওরা ভেঙে ফেলে। আমি ভেবেই নিয়েছিলাম আমাকে মেরেই ফেলবে।’

 

কারাগারে নির্মম অত্যাচারের কথা বর্ণনা করে তিনি বলেন, ‘কারাগারে নেওয়ার পর আমি অনেক গার্ডকে কান্না করে বলেছি, আমাকে হাসপাতালে নেন। আমাকে হাসপাতালে নেয়নি। আমি অনেক চেষ্টা করেছি ডাক্তারের কাছে যাওয়ার, পারিনি। কারাগারে পানিতে মরিচ দিয়ে রাখা হত যেন পানি খেতে না পারি, গোসল করতে না পারি।’

 

সাজানো মামলা দেওয়ার ঘটনা বর্ণনায় নূর নবী বলেন, ‘তারা আমাকে বলে, তোকে ক্রসফায়ার দেব। তুই রেডি হয়ে নে। আমরা ছয়জন ছিলাম মোট। রমনায় নিয়ে আমাদের চোখ খুলে দেওয়া হলো। আমার হাতে পেট্রোল বোমা ধরিয়ে দিল। ভিডিও করা শুরু করল। তারা যে এভাবে মামলা সাজাবে আমি ভাবতেও পারিনি। দেশের ডিটেকটিভ ব্র্যাঞ্চ এমন পর্যায়ে যাবে ভাবিনি। ডিটেকটিভ ব্র্যাঞ্চ দেশের মানুষের আস্থার জায়গা হওয়া উচিত ছিল। যাই হোক তারা আমাকে মেরে ফেলেনি। আমি বেঁচে ফিরেছি। স্বাধীন দেশে আবার ফিরতে পেরেছি। এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।