ঈদে ঘুরতে আসা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে জেগে উঠা আব্দুল্লাহ চরে আটকে পড়া ৮০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ৩টি ট্রলারে আটকে পড়া এসব পর্যটকদের উদ্ধার করে নৌ-পুলিশ।
রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শনিবার বিকেলে বিভিন্ন এলাকার দর্শনার্থীরা মেঘনা নদীর ওপাড়ে আব্দুল্লাহ চরে ঘুরতে যান। রামগতি উপজেলার মূল ভূখণ্ড থেকে এ দ্বীপের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটারের বেশি। নদীর স্রোতের কারণে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের মধ্যে অনেকেই আটকা পড়েন। সে সময় তাদের মধ্যে থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ -এ ফোন করেন।
৯৯৯ থেকে আমাদের বিষয়টি জানানো হয়। আমরা জরুরি ভিত্তিতে স্পিডবোট, ট্রলার এবং বড় নৌকা নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আটকে পড়া ৮০ জনকে উদ্ধার করি। পরে রাত সাড়ে ৮ টার দিকে নিরাপদে তাদেরকে বাড়িতে পৌঁছে দেয়া হয়।
তিনি আরও বলেন, গত বছর চরে আটকে পড়ে নারী পর্যটক ধর্ষণের শিকার হয়েছে। তাই ভ্রমণে নিজেদের সতর্ক হতে আহ্বান জানান তিনি।





