আবেগঘন পোস্ট দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধকে স্মরণ করেছে অনলাইনে ফ্রিল্যান্সারদের জনপ্রিয় মার্কেটপ্লেস ফাইভার। এই ওয়েবসাইটে কাজ করেই ডলার আয় করতেন মুগ্ধ। সম্প্রতি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত তিনি।
বুধবার (৩১ জুলাই) ফেসবুকে নিজেদের ফেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে 'একজন দক্ষ কর্মী হারানোয়' দুঃখ প্রকাশ করেছে ফাইভার কর্তৃপক্ষ। এ সময় তাকে মিস করবে জানিয়ে মুগ্ধর পরিবার এবং বন্ধুদের জন্য প্রার্থনাও করেছে ফাইভার।
মুগ্ধকে স্মরণ করে লেখা পোস্টে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের ফাইভার পরিবারের ক্ষতির কথা জানলাম। বাবা-মা ও দুই ভাইকে রেখে গত সপ্তাহে মারা গেছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মীর একজন প্রতিভাবান মার্কেটার ছিলেন, যিনি এসইও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষতা দিয়ে ফাইভারে একটি সফল ব্যবসা তৈরি করেছিলেন। তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন একজন আগ্রহী ভ্রমণপিপাসু, একজন প্রতিভাবান ফুটবলার, একজন বাংলাদেশি স্কাউট এবং একজন সত্যিকারের মানবতাবাদী।’
ছবি স্কীনশর্ট- সংগৃহিত ছবি
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় গুলিতে প্রাণ হারান মুগ্ধ। খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। খেলোয়াড়, গায়ক, সংগঠক হিসেবে ক্যাম্পাসে ছিলেন সুপরিচিত। গণিতে স্নাতক শেষ করে এ বছরের মার্চ থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এমবিএ করছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, মৃত্যুর মাত্র ১৫ মিনিট আগেও টিয়ারশেলের ধোঁয়ায় আচ্ছন্ন একটি সড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পানি ও বিস্কুট সরবরাহ করছিলেন মুগ্ধ।





