Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

রেলগেট পাহারায় সাইনবোর্ড

admin • 25 Oct 2023, 09:32 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রেলগেট পাহারায় সাইনবোর্ড

রেল চলছে, রেলগেট আছে, গেটম্যান থাকার ঘরও আছে; শুধু নেই গেটম্যান। এর পরিবর্তে টাঙানো হয়েছে দায়সারা সাইনবোর্ড। এই বোবা সাইনবোর্ডের তোয়াক্কা না করে ঝুঁকি নিয়েই সেখানে পারাপার হচ্ছেন হাজারো মানুষ।

 

এমন চিত্র চোখে পড়ে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তেবাড়িয়া কলেজ মোড় এলাকার রেলগেটে। স্থানীয়দের ভাষ্য, গেটের পাশেই স্কুল, কলেজ ও উপজেলা শহর। প্রতিদিন হাজারো মানুষ পারাপার হচ্ছেন এদিক দিয়ে। বিষয়টি রেল কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও এখানে নিরাপত্তার জন্য কোনো গেটম্যান নিয়োগ করা হয়নি। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

 

শনিবার সকালে তেবাড়িয়া কলেজ মোড়ের রেলগেট এলাকায় গিয়ে দেখা গেছে, রেলগেটের পাশেই গেটম্যান থাকার পাকা ঘর, টয়লেট ও টিউবওয়েল স্থাপন করা হয়েছে। গেটম্যান না থাকায় সে ঘরে তালা ঝুলছে। গেটের দু’পাশে দায়সারা সতর্কীকরণ সাইনবোর্ড। তাতে লেখা ‘সাবধান, সামনে অনুমোদিত লেভেল ক্রসিং, নিজ দায়িত্বে পার হইবেন’।

   

পথচারীরা এই সাইনবোর্ড আমলে না নিয়ে যে যার মতো গেট এলাকা পার হচ্ছেন। লোক না থাকায় ট্রেন আসার সময় গেট নামানোর কোনো ব্যবস্থা নেই। রেলগেট এলাকার চা বিক্রেতা রিপন আলী জানান, লোক না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ট্রেন আসার সময় দোকান ফেলে বারবার ছুটে যেতে হয়। কর্তৃপক্ষকে বারবার বলা হচ্ছে। তবুও কাজের কাজ কিছুই হচ্ছে না। আরেক চা বিক্রেতা নাছরিন খাতুন জানান, গেট ওঠানো থাকায় ট্রেন আসার সময়ও লোকজন উঠে পড়েন লাইনে। স্থানীয় দোকানদাররা হাঁকডাক করে তাদের থামানোর চেষ্টা করেন।

   

স্থানীয় রফিকুল ইসলাম জানান, গত বছর এখানে একটি বালুটানা গাড়ি লাইনের ওপর উঠে যায়। গেট না নামানোয় ট্রেন কাছে চলে আসার বিষয়টি বুঝতে পারেননি চালক। পরে ট্রেনের ধাক্কায় চালক আটকা পড়েছিলেন। সবাই ছুটে গিয়ে তাঁকে টেনে বের করেন। গত শুক্রবার বিকেলেও এক মোটরসাইকেলচালক অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। এমন ঘটনা এখানে প্রায়ই ঘটে।

   

ভ্যানচালক আবুল কালাম জানান, রাস্তাটি সব সময় ব্যস্ত থাকে। পথচারীরা এদিক-সেদিক তাকিয়ে পারাপার হন। গেট সব সময় ওঠানো থাকায় টের পাওয়া যায় না কখন ট্রেন আসছে। কুমারখালী রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, উপজেলায় মোট আটটি রেলগেট রয়েছে। এর মধ্যে জনবল সংকট থাকায় শুধু তেবাড়িয়া গেটে কোনো লোক নেই।

   

এলাকাটি ঝুঁকিপূর্ণ। ঊর্ধ্বতনদের বিষয়টি জানানো হয়েছে। ইউএনও বিতান কুমার মণ্ডল জানান, ঝুঁকিপূর্ণ রেলগেট এলাকা পরিদর্শন করা হয়েছে। গেটম্যান নিয়োগের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।