Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ভারতে বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

admin • 03 Dec 2024, 04:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভারতে বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালের (জাবি) শিক্ষার্থীরা।

 

সোমবার ( ২ ডিসেম্বর ) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে মশাল মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। এসময় মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।

 

মিছিলে অংশগ্রহণগৃত সংগঠনগুলোর মধ্যে অন্যতম ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ, আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন।

 

এসময়ে বিক্ষোভকারীরা ‘দূতাবাসে হামলা কেন, মোদি তুই জবাব দে’, ‘মোদির দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেয়।

   

সমাবেশে জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মহিবুর রহমান মুহিব বলেন, ‘আগরতলা উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালিয়েছে। আমাদের অস্তিত্বের প্রশ্নে আমরা আপোসহীন, ঐক্যবদ্ধ। যত আগ্রাসী ঔপনিবেশিক শক্তি এদেশে এসেছে তাদের দাতভাঙ্গা জবাব আমরা দিয়েছি। ভারতের এজেন্ট হিসেবে আওয়ামীলীগ গুম-খুন করে আসছিল। আমরা ভারতকে বলে দিতে চাই, তিস্তার পানির হিস্যা বুঝিয়ে দাও, সীমান্ত হত্যা বন্ধ করো, দূতাবাসে হামলার ঘটনায় ক্ষমা চাও। এক বিন্দু রক্ত থাকতেও আমরা তোমাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবো না।‘

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন , শেখ হাসিনা ভারতের পুতুল। আমাদের এই অভ্যুত্থান ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। যারা ’২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাড় করাতে চায় তারা ভারতের দালাল। শেখ হাসিনার মতো শক্তিশালী স্বৈরশাসককে সরাইতে ৩৬ দিন সময় লাগছে। কেউ আধিপত্য দেখাতে আসলে তাদের অবস্থা ভয়াবহ হবে।

 

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহবায়ক আব্দুর রশীদ জিতু বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক হবে দ্বিপাক্ষিক সমতার ভিত্তিতে। দল-মত, ধর্মীয় মতাদর্শ ভুলে এক হতে আমরা সকল ভেদাভেদ ভুলে দেশের জন্য লড়াই করে যাবো। ’২৪ এর পরাজিত শক্তিরা এক দিনের জন্যও ষড়যন্ত্র করা থেকে বসে নেই। তারা অন্তবর্তীকালীন সরকারকে রাষ্ট্র চালাতে বিভিন্নভাবে বাধাদান করছে। আমি বলে দিতে চাই, তোমাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে আমরা বিশ কোটি জনগণ প্রস্তুত আছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।