Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

নানান অনিয়মের অভিযোগ এনে ছাত্রদল প্যানেলের জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা

Sohag Shah • 11 Sep 2025, 04:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নানান অনিয়মের অভিযোগ এনে ছাত্রদল প্যানেলের জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নানান অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী বৈশাখী বলেন, শিবিরপন্থী অনেক সাংবাদিক আমাদের সাথে খারাপ আচরণ করেছেন। কয়েকটি হলের মধ্যে ভোট কারচুপির অভিযোগ এনেছেন তিনি। তাদের সমর্থিত পোলিং এজেন্টকে ভোটকেন্দ্রে রাখতে দেওয়া হয়নি, যেখানে শিবির সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টরা ছিল। পাশাপাশি ব্যালট পেপার আলাদা করা, অতিরিক্ত ব্যালট পেপার শিবিরের জন্য ছাপানো হয়েছে এমন অভিযোগও এনেছেন তিনি।

তিনি আরও বলেন, সার্বিক অনিয়ম দেখে আমাদের কাছে এটা প্রতীয়মান হয় যে এটি একটি প্রহসনমূলক নির্বাচন। তাই আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম।

এ সময় ছাত্রদল সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেছেন, নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখেনি। ভোটকেন্দ্র দখল, ভুয়া ভোট প্রদান এবং তাদের এজেন্টদের ওপর হামলার মতো ঘটনা ঘটেছে।

তারা বলেন, ছাত্রসমাজের প্রকৃত মতামত প্রকাশে বাধা দেওয়া হয়েছে, ফলে নির্বাচনের ফলাফল আগেই সাজানো ছিল।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও দাবি করেন, নির্বাচনের শুরু থেকেই তারা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছিলেন। প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচার কর্মসূচিতে বাধা দেওয়া এবং ভোটগ্রহণকালে পুলিশি ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। এসব অনিয়মের কারণে তারা নির্বাচনকে প্রহসন আখ্যা দেন।

ছাত্রদল সমর্থিত প্যানেলের নেতারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা একাধিকবার অভিযোগ দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ছাত্রসমাজের স্বার্থে এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন।

এই ঘোষণার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ভিন্নমতাবলম্বী ছাত্র সংগঠনগুলোও নির্বাচনী অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের একটি অংশ মনে করছে, এ ধরনের পরিস্থিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্যকে কলঙ্কিত করছে।

তবে একাধিক গণমাধ্যম সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে পর্যবেক্ষণকালে কোথাও কোনো অসঙ্গতি উঠে আসেনি। কয়েকটি হলে সাময়িক উত্তেজনায় কিছু সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ থাকলেও পরবর্তীতে তা আবারও সুষ্ঠুভাবে গ্রহণ চালু করা হয়।

অনেক শিক্ষার্থী যারা ভোট দিতে গেছেন, তারা জানান, ভোটের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল ছিল। ভোট অনেক সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং কোথাও কোনো অনিয়ম তারা দেখেনি৷

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তারা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে। অভিযোগগুলোকে তারা অস্বীকার করেছে এবং বলেছে, যেকোনো অভিযোগ প্রমাণ সাপেক্ষে তদন্ত করা হবে।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।