Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ডিজিটাল যুগে এনালগ পদ্ধতি ইবির অগ্রণী ব্যাংকে, ভোগান্তি শিক্ষার্থীদের

admin • 18 Oct 2023, 02:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ডিজিটাল যুগে এনালগ পদ্ধতি ইবির অগ্রণী ব্যাংকে, ভোগান্তি শিক্ষার্থীদের

চার দশকের বেশি সময় অতিবাহিত করা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অগ্রণী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম আটকে আছে সনাতন পদ্ধতির ধীরগতির বাক্সে। শিক্ষার্থীদের পরীক্ষার ফি’সহ বিভিন্ন ফি জমাদানে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে ছাত্র-ছাত্রীদের মূল্যবান সময় অন্যদিকে দীর্ঘ সারি বাড়াচ্ছে অসহনীয় ভোগান্তি। সমস্যা সমাধানে খুব শীঘ্রই আধুনিক ব্যাংকিং সিস্টেমের সঙ্গে শিক্ষার্থীরা সংযুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।

পুরাতন পদ্ধতির ব্যাংকিং কার্যক্রম নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ব্যাংকিং সিস্টেম ডিজিটালাইজড না হওয়ায় আমাদেরকে প্রতিনিয়ত এমন ভোগান্তির শিকার হতে হয়। এর ফলে আমাদের সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনি ভোগান্তিও চরমে। একটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ব্যাংকিং সেবা এখনো সেই মান্ধাতা আমলের মতো চলছে। ফলে ভোগান্তির মাত্রা ক্রমশ প্রকট আকার ধারণ করছে। এ সমস্যার সমাধান এখন সময়ের দাবি।

সরজমিনে দেখা যায়, পরীক্ষার ফর্ম ফিল-আপসহ অন্যান্য ফি জমা দিতে আসা শিক্ষার্থীরা সকাল থেকেই ভিড় জমিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচতলায় অবস্থিত ইবি শাখার অগ্রণী ব্যাংকে। সেখানে কাঙ্ক্ষিত সেবাটি পেতে শিক্ষার্থীদের খোয়াতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা সময়। অনেকটা নিরুপায় হয়েই এ ধরণের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি প্রতিনিয়ত পোহাচ্ছেন শিক্ষার্থীরা। সুষ্ঠু ব্যবস্থা না থাকায় সেখানে তৈরি হয়েছে একাধিক লাইন।

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ইবি শাখা প্রধান সাবিনা সুলতানা বলেন, আধুনিকায়ন প্রক্রিয়া চলমান। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এবং অগ্রণী ব্যাংকের আইসিটি ডিভিশন একযোগে কাজ করছে। আধুনিকায়ন ও যুগোপযোগী করার জন্য আমাদের দুই কর্তৃপক্ষের প্রক্রিয়া অব্যাহত আছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যত দ্রুত সম্ভব অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করার।

ব্যাংকে পরিক্ষার ফি জমা দিতে আসা হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ মামুন বলেন, এক ঘণ্টার বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি। লাইন সামনের দিকে আগাচ্ছে না। লাইনও পুরো বিশৃঙ্খল অবস্থায় আছে। শিক্ষার্থীদের চাপ বেশি থাকায় কর্তৃপক্ষও টাকা নিতে পারছে না। অনলাইন মাধ্যম যদি থাকতো আমাদের এতো ভোগান্তিতে পড়তে হতো না। প্রশাসনের উচিত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া।

এদিকে পুরাতন পদ্ধতির ব্যাংকিং কার্যক্রম সমস্যার সমাধানের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, অগ্রণী ব্যাংক কর্তৃক অ্যাপসটি গুগল প্লে-স্টোরে ভেরিফিকেশনের জন্য ইতোমধ্যে পাঠানো হয়েছে। ভেরিফাই সম্পন্ন হলে শিক্ষার্থীরা গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে অনলাইন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে। খুব তাড়াতাড়ি এই সমস্যা নিরসন হবে বলে আশা করছি।

উল্লেখ্য, গত ২৪ মে দুপুর ২টার দিকে ‘কে আগে টাকা জমা দিবে’ এ নিয়ে দুই নারী শিক্ষার্থীর মাঝে হাতাহাতির ঘটনা ঘটে অগ্রণী ব্যাংকের ইবি শাখায়। তখন প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের যুগোপযোগী ব্যাংকিং সেবা খুব তাড়াতাড়ি প্রদান করা হবে বলে জানানো হয়। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনগুলোও দীর্ঘদিন ধরে আধুনিক ব্যাংকিং সেবার দাবি জানিয়ে আসছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।