Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে ফের আপত্তিকর অবস্থায় বহিরাগত আটক; দায়সারা বক্তব্য প্রশাসনের

Sohag Shah • 04 Sep 2025, 06:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জাবিতে ফের আপত্তিকর অবস্থায় বহিরাগত আটক; দায়সারা বক্তব্য প্রশাসনের

জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় দু'জন বহিরাগতকে আটক করেছে নিরাপত্তা বিভাগ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন বোটানিক্যাল গার্ডেনের পার্শ্ববর্তী জায়গা থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন- উজ্জ্বল বর্মন (২৭) এবং পূজা বর্মন (২৪)। তারা সাভারের নয়ারহাটে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মীর মশাররফ হোসেন হল এবং বোটানিক্যাল গার্ডেনের মাঝামাঝি রাস্তায় একটি গাড়ি পার্কিং করা ছিলো। গাড়ির অভ্যন্তরে আপত্তিকর অবস্থায় ছিলেন উজ্জল ও পূজা। শাখা ছাত্রদলের সদস্য রাজু হাসান রাজন বিষয়টি দেখতে পেয়ে প্রক্টরিয়াল বডিকে অবহিত করেন। পরে প্রক্টরিয়াল বডি এসে তাদের আটক করে নিয়ে যায়।

ছাত্রদল নেতা রাজন জানান, আমি বঙ্গবন্ধু হল থেকে এমএইচ হলের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে বোটানিক্যাল গার্ডেন পার হয়ে একটি গাড়ি উল্টোভাবে পার্ক করা দেখতে পাই। গাড়ির ভেতরে লোক আছে বলে সন্দেহ হলে আমি গাড়ির দরজায় নক করি। এরপর গাড়ির পিছন দিক থেকে একজন ছেলে ও একজন মেয়ে বের হয়ে আসে।

তিনি আরো বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি এবং এর আগে এ ধরনের ঘটনার অর্থ আদায়ের হতো বলে শুনেছি —এই ধারণা থেকে আমি আরেকজনকে ডেকে আনি যাতে আমার উপর এধরণের অপবাদ না পড়ে। পরে তাদের জিজ্ঞেস করলে প্রথমে ছেলেটি দাবি করে, তারা স্বামী-স্ত্রী। তবে তাদের আচরণ দেখে বিষয়টি সন্দেহজনক মনে হয়। এ অবস্থায় আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করি।

আটক পূজা বর্মন ও উজ্জ্বল বর্মন জানান, আমরা জাহাঙ্গীরনগরে ঘুরতে আসছি। আমরা দু’জন ছোটবেলা থেকেই বন্ধু এবং এখানে আসার পর আমরা এমএইচ গেট দিয়ে প্রবেশ করি। এরপর আমরা সেখানে গাড়ি থামিয়ে বসে থাকি। উজ্জ্বল গাড়ির পেছনে এসে বসে কারণ আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম।

এদিকে জাকসু নির্বাচন চলাকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগত ও অননুমোদিত গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তারা কিভাবে প্রবেশ করেছেন জানতে চাইলে উজ্জল বলেন, আমরা এমএইচ গেইট দিয়ে প্রবেশ করার সময় সিকিউরিটি গার্ড আটকিয়ে জিজ্ঞাসা করলে হাফিজুর রহমান হাফিজ ভাইয়ের কথা বলে প্রবেশ করি। তিনি গার্ডকে ফোন করে আমাদের কথা বললে গার্ড আমাদের প্রবেশ করতে দেন।

খোঁজ নিয়ে জানা যায়, হাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ৩১ ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা যায়।

এ বিষয়ে নিরাপত্তা শাখার প্রধান জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে তাদেরকে আটক করে প্রক্টোরিয়াল টিম। পরে আটককৃত ছেলের ভাই আসলে তার কাছে তাকে সোপর্দ করা হয় এবং মেয়েটির মা আসলে তাকে তার মায়ের কাছে সোপর্দ করা হয়।

  এর আগে আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে সকল বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও গত ২ মে ২০২৫ (শুক্রবার) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।   এতো নিষেধাজ্ঞা জারির পরেও কিভাবে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করছে এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেনো জোড়ালো পদক্ষেপ নিচ্ছে না প্রশ্ন থেকে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড এ কে এম রাশিদুল আলমের কাছে।   এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ফোন করলে প্রথমে তিনি একটি মিটিং-এ আছেন এবং পরে কথা বলবেন বলে জানিয়েছেন। পরে আবারও যোগাযোগ করলে তিনি বলেন, এটি সম্পূর্ণ সিকিউরিটি অফিসারদের কাজ। আপনি তাদের সাথে কথা বলুন। পরে তিনি বলেন "আমরা এ বিষয়ে আমাদের সিকিউরিটি গার্ডদের আরও সচেতন হতে বলেছি। আশা করছি এরকম ঘটনা আর ঘটবে না।"   সাবেক শিক্ষার্থীদের ফোন কলে অনেক বহিরাগতদের প্রবেশ করতে দিতে বাধ্য হয় গেইটে দায়িত্বরত সিকিউরিটি গার্ডরা। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা কিছুদিনের মধ্যেই কার্ড সিস্টেম চালু করবো এবং এরপর থেকে এরকম আর হবে না আশা করছি।   উল্লেখ্য, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার দায়িত্বে কাজ করেন একটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং এ টিমের প্রধান হিসেবে দায়িত্বরত থাকেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।