Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে পোষ্য কোটা বাতিল না করলে আগামী রোববার থেকে অনশন কর্মসূচি ঘোষণা

Sohag Shah • 29 Jan 2025, 10:52 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জাবিতে পোষ্য কোটা বাতিল না করলে আগামী রোববার থেকে অনশন কর্মসূচি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় 'অযৌক্তিক' পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের' ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম ডেইলি মিরর অফ বাংলাদেশকে জানান, 'পোষ্য কোটা চিরতরের জন্য বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরদের অন্তত একটা চাকরির ব্যবস্থা আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা এমন হাজারো শিক্ষার্থী আছে যাদের বাবা কৃষক কিংবা শ্রমিক। তাহলে তাদের সাথে সব থেকে বড় বৈষম্য করছে প্রশাসন। অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে এই বৈষম্যমূলক পোষ্য কোটা বাতিল করতে হবে।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জল বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নূন্যতম নম্বর তুলেই একজন পোষ্য ভর্তির সুযোগ পাচ্ছে। অথচ দেশের কৃষক-শ্রমিকদের সন্তানরাও মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। তাই আমরা মনে করি, পোষ্য কোটা বিশ্ববিদ্যালয়গুলোতে বৈষম্য তৈরি করছে। বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে সংগঠিত গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা নামের কোনো কোটা থাকতে পারে না। দ্রুত সময়ের মধ্যে জাবির ভর্তি পরীক্ষায় অযৌক্তিক পোষ্য কোটা বাতিল করতে হবে, অন্যথায় সচেতন শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবো।'

তাদের পরবর্তী কর্মসূচি জানতে চাইলে তৌহিদ মোহাম্মদ সিয়াম জানান, 'আমরা আজকের কর্মসূচি শেষ করছি তবে আমাদের এ যৌক্তিক দাবি মেনে না নিলে আমরা আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতিটি আবাসিক হলে হলে এবং ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে যাবো এবং এই বৈষম্যের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন করে তুলবো। এছাড়াও দাবি মেনে না নিলে এবং অযৌক্তিক পোষ্য কোটা বাতিল না করলে আমরা আগামী রোববার থেকে গণ-অনশন কর্মসূচি ঘোষণা করবো এবং এই নতুন প্রশাসনিক ভবনে আমরা সেই অনশন কর্মসূচি পালন করবো।'

কর্মসূচিতে সংহতি জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সদস্য সচিব ইকবাল হোসাইন, জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের মুখপাত্র নাজিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, এর আগে কয়েকবার পোষ্য কোটার সংস্কারের দাবিতে আন্দোলন করেছিল শিক্ষার্থীরা।

সোহাগ/মিরর  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।