সপ্তাহে সোমবারের অনলাইন ক্লাসের কার্যক্রম থেকে অফলাইনে ফিরে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সোমবার (২২-০১-২০২৪) থেকে পূর্ব নির্ধারিত সোমবারের অনলাইন ক্লাস সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে গত ৩০ জুলাই ২০২৩ থেকে বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন সোমবার সকল প্রকার ক্লাস কার্যক্রম অনলাইনে চলমান ছিলো এবং সোমবার সকল প্রকার পরীক্ষা বন্ধ ছিলো।
এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে আমাদের সোমবারের অনলাইন পাঠদান কার্যক্রম চালু ছিলো।
এখন দেখা যাচ্ছে নিয়মিত অনলাইম ক্লাসগুলো হচ্ছে না। এছাড়াও সপ্তাহিক দুইদিন ছুটি থাকায় শিক্ষার্থীরা প্রকৃতপক্ষে বেনিফিটেড হচ্ছে না। তাই শিক্ষার্থীদের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে পুনরায় অফলাইন ক্লাসে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি।





