Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবির আবাসিক হলের খাবারে মিলল সিগারেটের টুকরা

admin • 17 Nov 2024, 07:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইবির আবাসিক হলের খাবারে মিলল সিগারেটের টুকরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে খাবারের নিম্নমান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ অনেক পুরোনো। সম্প্রতি সময়ে হলগুলোতে খাবারের দাম বাড়ানো হলেও সে তুলনায় মান বাড়েনি। খাবারে প্রায়শই বিভিন্ন পোকা-মাকড় পাওয়া যায় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

 

শনিবার (১৬ নভেম্বর) সাদ্দাম হোসেন হলে দুপুরে খাবার খেতে গিয়ে তরকারির মধ্যে সিগারেটের টুকরা পাওয়ার অভিযোগ করেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিক। এ নিয়ে হলে থাকা শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এসময় হলের খাবারের মান নিয়ে নানা অভিযোগ করতে দেখা যায় শিক্ষার্থীদের। কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবে হলগুলোতে খাবারের এই অবস্থা বলে দাবি করছেন তারা।

 

শিক্ষার্থীরা জানিয়েছেন, এমন ঘটনা হলগুলোতে নতুন নয়। হলের খাবারে প্রায়শই টিকটিকি, তেলাপোকা, চুল, শামুকসহ বিভিন্ন ধরনের পোকা-মাকড় পাচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা। আবাসিক হলগুলোতে পঁচা ডিম এবং বাসি খাবার দেয়ারও অভিযোগ উঠেছে।

 

শিক্ষার্থীরা আরও জানান, আবাসিক হলের ডাইনিংয়ে বাজারের উচ্ছিষ্ট খাবার খাওয়ানো হচ্ছে। স্বল্প মূল্যে পঁচা-বাসি সবজি, মাছ এবং নিম্নমানের চাল কিনে এসব রান্না করে নিয়মিত পরিবেশন করছেন ডাইনিং ম্যানেজাররা। এতে অনেক সময় শিক্ষার্থীরা পেটের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন।

 

খাবারের মধ্যে সিগারেট পাওয়া শিক্ষার্থী মোঃ আবু বকর সিদ্দিক জানান, তিনি সিগারেটের অংশটি মাছের তরকারির ভিতর পেয়েছেন। তারপর সেগুলো রুমের বাইরে রেখে দেন। হলগুলোতে খাবারের মান বাড়ানো ও কর্তৃপক্ষকে যথাযথ তদারকির দাবি জানিয়েছেন তিনি।

 

এদিকে সাদ্দাম হোসেন হলের ডাইনিং ম্যানেজারকে জিজ্ঞেস করা হলে বাবুর্চির ভুলে এমনটি হয়েছে বলে জানান। পরবর্তীতে স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত ও পরিবেশনের বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানান তিনি।

 

এই বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। ডাইনিং ম্যানেজারের সঙ্গে আমি কথা বলেছি, সামনে যাতে এমন কোন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এমন কোন ঘটনা ঘটলে শিক্ষার্থীদেরকে রিপোর্ট করার অনুরোধ করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।