Tuesday, 22 September 2026
শিরোনাম
সারা দেশ

ইউপি চেয়ারম্যান সেলিম খান ও ছেলে শান্তর মরদেহ উত্তোলনের নির্দেশ

• 22 Sep 2026, 12:34 PM • পঠিত 5 বার
শেয়ার করুন:
ইউপি চেয়ারম্যান সেলিম খান ও ছেলে শান্তর মরদেহ উত্তোলনের নির্দেশ

গণপিটুনিতে নিহত চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। মরদেহ দুটি উত্তোলনের পর ময়নাতদন্ত করা হবে।

 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের জন্য চাঁদপুর জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর মরদেহ উত্তোলনের তারিখ ও সময় নির্ধারণ করা হবে।

 

ওসি বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই সেলিম খান ও শান্ত খানের মরদেহের ময়নাতদন্ত করা হবে।

 

সেলিম খান ও শান্ত খান ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হন বলে জানা যায়। প্রথমে বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় তারা জনরোষের মুখে পড়েন। পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সেলিম খান নিজের পিস্তল থেকে গুলি ছোড়েন বলে জানা যায়। এতে সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও পরে বাঘড়া বাজার এলাকায় আবারও জনতার মুখোমুখি হন বাবা-ছেলে।

 

সেখানে জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই সেলিম খান ও শান্ত খান নিহত হন।

 

সেলিম খান আওয়ামী লীগ সরকারের সময় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ-সীমানায় ব্যাপকভাবে বালু উত্তোলনের অভিযোগে আলোচনায় ছিলেন। অভিযোগ রয়েছে, শত শত ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হন। এসব ঘটনায় তিনি কারাভোগও করেন।

 

এ ছাড়া সেলিম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি মামলা চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।