রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাবেদ আহমেদ (৫১) নামের এক ব্যক্তির পানিতে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নিহত ব্যক্তি মার্কেটিং কনসালট্যান্ট ছিলেন। জাবেদের বাবার নাম সালাউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সকালে রাজধানী ধানমন্ডি আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, সকালে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে তারা মরদেহের সঙ্গে থাকা একটি এনআইডি কার্ড খুঁজে পান। সেই সূত্রে পরিবারকে খবর দিলে তার স্ত্রী শাহানা জাবিন খান মরদেহ শনাক্ত করেন।
শাহানা জাবিন খান পুলিশকে জানিয়েছেন, তারা রাজধানীর ভাটারা থানা এলাকায় থাকেন। জাভেদ আহম্মেদ দীর্ঘদিন বেকার থাকায় আর্থিক সংকটের কারণে বিপর্যস্ত ছিলেন।
ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, সকাল সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।





