Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

আবরার ফাহাদকে নিয়ে চলচ্চিত্র,পরিবারের অনুভূতি

admin • 04 Dec 2024, 06:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আবরার ফাহাদকে নিয়ে চলচ্চিত্র,পরিবারের অনুভূতি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ এর নির্মম হত্যাকাণ্ড অবলম্বনে ‘রুম নম্বর ২০১১’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ ও তার দল।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে স্বল্পদৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি প্রথম ধাপে প্রদর্শিত হয়। এ সময় দর্শকদের সারিতে উপস্থিত ছিলেন শহিদ আবরার ফাহাদের বাবা, ছোট ভাই, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্যরা।

 

অনুষ্ঠানের শুরুতে শহিদ আবরার ফাহাদের প্রতি সম্মান প্রদর্শনার্থে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান সৌজন্য বক্তব্যে বলেন, ‘আবরার ফাহাদ আমাদের তরুণদের যে পথ দেখিয়েছেন, তারই ধারাবাহিকতায় আমরা জুলাই বিপ্লবের কাঙ্খিত ফলাফল পেয়েছি।‘ তিনি শহিদ আবরার ফাহাদকে জুলাই বিপ্লবের অন্যতম এক অনুপ্রেরক হিসেবে দেখিয়ে জুলাই বিপ্লবের শহিদ আবু সাঈদ, মুগ্ধসহ অন্যান্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন।

 

উপাচার্যের বক্তব্য শেষে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হলে শহিদ আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের দৃশ্য উপস্থিত সকল দর্শকদের বিবেগকে নাড়িয়ে তোলে। পুরো অডিটরিয়াম জুড়ে আবেগঘন থমথম এক পরিবেশ বিরাজ করছিল।

 

প্রদর্শনী শেষে আবরার ফাহাদ এর বাবা বরকত উল্লাহ এবং ছোট ভাই আবরার ফাইয়াজ তাদের অনুভূতি ব্যক্ত করেন। আবরার ফাইয়াজ বলেন, ‘ আসলে সেদিন ভাইয়ার সাথে কি হয়েছিল, কিভাবে তাকে হত্যা হয়েছিল আমরাও পুরোপুরি জানতে পারিনি। তবে যতটুকু জানতে পেরেছি আজকে এই চলচ্চিত্রের মাঝে জিসান ভাই তাঁর অনেকটাই ফুটিয়ে তুলেছেন বলে মনে হলো।‘

 

আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, ‘আসামিরা যেভাবে জবানবন্দী দিয়েছে, প্রায় সাড়ে ৫ ঘন্টা যাবত অমানুষিক নির্যাতন চালিয়েছে তাঁর বেশিরভাগই চলচ্চিত্রে ফুটে এসেছে। এরকম একটা সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য আমি আসলে জিসান ও তাঁর দলকে ধন্যবাদ জানাই।‘

 

চলচ্চিত্রটির নির্মাতা জিসান আহমেদ বলেন, ‘আজকে এতটুকু আসার পেছনে অনেক মানুষের অবদান রয়েছে। এর আগে আমরা আরও দশটি সিনেমা নিয়ে কাজ করেছি, সেগুলো ছিল রিমেক। এটি আমাদের প্রথম মৌলিক কাজ। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কিছু করিনি, যা করেছি সম্পূর্ণ নিজের ভালোলাগা থেকে করেছি। এখানে যারা অভিনয় করেছেন সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যেহেতু এটা আমাদের প্রথম মৌলিক কাজ ছিল, এখানে অনেক ভুল-ত্রুটি থেকে গেছে। আমি আপনাদের থেকে গঠনমূলক সমালোচনা আশা করবো যার মাধ্যমে পরবর্তীতে আরও ভালো কিছু করতে পারবো বলে আমি মনে করি।‘

 

প্রসঙ্গত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আবরার ফাহাদ। ২০১৯ সালের ৭ অক্টোবর নির্মম এক হত্যাকাণ্ডের শিকার হন তিনি। তাকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে হত্যা করে। আবরার ফাহাদের হত্যাকাণ্ডটি সেসময় সারা দেশের মানুষকে নাড়া দিয়েছিল এবং মর্মাহত করেছিল। উল্লেখ্য, এর আগে গত ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও সিনেমাটি প্রদর্শিত হয়েছিল।

সোহাগ/ মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।