Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জবির সংগীত বিভাগের পরিবেশনা

admin • 22 Feb 2024, 06:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জবির সংগীত বিভাগের পরিবেশনা

আরাফাতুল হক চৌধুরী, জবি প্রতিনিধি:

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী অনুষ্ঠানমালায় উদ্বোধনী অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগ জাতীয় সংগীত এবং একুশের গান পরিবেশনা করেছে।

 

বুধবার (২১শে ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানমালার উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

অনুষ্ঠান মঞ্চে অতিথীদের বক্তৃতার পূর্বে জাতীয় সংগীত পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরবর্তীতে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটিও পরিবেশন করেন জবির সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় উপস্থিত সবাই তাদের গানের সাথে সুর মেলান।

 

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের প্রচেষ্টায় অনুষ্ঠানটিতে অংশ নিয়ে পরিবেশনার সুযোগ পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। জবির সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদের নেতৃত্বে অনুষ্ঠানে অংশ নেন বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী তৌকির আহমেদ, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী রুদ্র দাস, জেবুন্নেসা সরকার নিঝুম, অর্পিতা ভৌমিক ও স্বর্ণা তালুকদার, সপ্তম ব্যাচের শিক্ষার্থী স্বপ্না সাহা, ফাইম হাসান এবং জুনায়েদ আহমেদ রিফাত। এছাড়া আরও ছিলেন (ডেমোনস্ট্রেটোর-তবলা) শুষেণ কুমার রায়।

 

অনুষ্ঠানের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘মুজিব শতবর্ষ যাদুঘর এবং আর্কাইভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় রচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’, মাতৃভাষা পিডিয়া এবং মাল্টি লিঙ্গুয়েল পকেট ডিকশনারির মোড়ক উন্মোচন করেন ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃভাষা বাংলা সংরক্ষণ, চর্চা এবং শক্তিশালী করার পাশাপাশি সঠিক অনুবাদের মাধ্যমে শিল্প-সাহিত্যকে সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

 

এদিকে গুরুত্বপূর্ণ এই জাতীয় অনুষ্ঠানে জবি উপাচার্যের প্রচেষ্টায় জবি সংগীত বিভাগের এমন অংশগ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্র‍্যান্ডিং হয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট ও শেয়ার দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। এর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম দেশব্যাপী ছড়িয়ে পড়ছে বলেও দাবি তাদের।

 

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। স্বাগত বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। অনুষ্ঠানে বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি এবং অফিস প্রধান সুজান ভাইজও বক্তব্য রাখেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ ধন্যবাদ জ্ঞাপন করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।