Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

অনির্দিষ্টকালের জন্য জবির ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা

admin • 30 Jun 2024, 05:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অনির্দিষ্টকালের জন্য জবির ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা

অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহারের দাবিতে আগামীকাল সোমবার (১ জুলাই) থেকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।

বৈষম্যমূলক প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, প্রতিশ্রুত সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালিত হবে বলে জানিয়েছেন জবি শিক্ষক সমিতির নেতাবৃন্দ।

রবিবার (৩০ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. মমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

আরো পড়ুন:অনির্দিষ্টকালের জন্য ইবির ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা

বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন। সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি নিম্নরূপ:

১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস সমূহ বন্ধ থাকবে।

২. অনলাইন, সান্ধ্যকালীন ক্লাস, শুক্র ও শনিবারের প্রফেশনাল কোর্সের ক্লাস ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।

৩. মিডটার্ম, ফাইনাল, মৌখিক ও ভর্তি পরীক্ষাসহ কোনও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

৪. বিভাগীয় অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগার বন্ধ রাখবেন। একাডেমিক কমিটি, সমন্বয় ও উন্নয়ন কমিটি, প্রশ্নপত্র সমন্বয় সভা অনুষ্ঠিত হবে না।

৫. ভর্তি পরীক্ষাসহ ডিন অফিসের সকল কর্যক্রম বন্ধ থাকবে।

৬. কোনও সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে না।

৭. দায়িত্বপ্রাপ্ত কোন শিক্ষক প্রশাসনিক কোন দায়িত্ব পালন করবেন না।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, আমরা আগেই নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিলাম। আমাদের দাবি আজ পর্যন্ত না মানা হলে আগামীকাল ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাব। কাল থেকে সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। কোনো কাজ কেউ করবে না। বিভাগগুলোকেও আমরা সেটা জানিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, অনলাইন, সান্ধ্যকালীন ক্লাসও বন্ধ থাকবে। সব পরীক্ষা বর্জন করা হবে। মিডটার্ম, ফাইনাল পরীক্ষা কিছু অনুষ্ঠিত হবে না। কোনো দপ্তরে কর্মকর্তা-কর্মচারীও কাজ করবেন না।

অন্যদিকে, রবিবার (৩০ জুন) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকদের এই যৌক্তিক দাবি না মানা হলে আগামীকাল পহেলা জুলাই থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।