Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

থাইল্যান্ডে যাত্রীবাহী গাড়ি উল্টে ১১ জন নিহত

admin • 23 Jan 2023, 03:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
থাইল্যান্ডে যাত্রীবাহী গাড়ি উল্টে ১১ জন নিহত

থাইল্যান্ডের মধ্যাঞ্চলে যাত্রীবাহী একটি গাড়ি উল্টে যাওয়ার পর সেটিতে আগুন ধরে দুই শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে।শনিবার (২১ জানুয়ারি) রাতে চন্দ্র নববর্ষের ছুটিতে এ দুর্ঘটনা ঘটে বলে সোমবার (২৩ জানুয়ারি) দেশটির পুলিশ জানিয়েছে।

থাইল্যান্ডের পুলিশ কর্নেল ইঙ্গিওস পোলদেজ জানান, ১২ জনকে বহনকারী ভ্যানটি উত্তর-পূর্ব আমনাত চারোয়েন প্রদেশ থেকে ব্যাংকক অভিমুখে যাওয়ার সময় এটি মধ্য নাখোন রাতচাসিমা প্রদেশে মহাসড়ক থেকে ছিটকে পড়ে। এরপর গাড়িটিতে আগুন ধরে যায়।

তিনি জানান, দুর্ঘটনার পর এক ব্যক্তি জানালা দিয়ে বের হতে সক্ষম হলেও অন্যরা সেখানে আটকা পড়ে এবং আগুনে পুড়ে মারা যায়।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ২০ বছর বয়সী থানাচিট কিংকাউ বলেন, তিনি দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন। পরে যাত্রীদের চিৎকার শুনে তিনি জেগে ওঠেন।

তিনি বলেন, ‘আমি ঘুম থেকে জেগে উঠে জানতে পারি যে, ভ্যানটি উল্টে গেছে। তবে কি হয়েছিল তা আমি দেখতে পাইনি।’

তিনি আরও জানান, ‘দুর্ঘটনার পর গাড়িটির পেছন দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা পুরো ভ্যানে ছড়িয়ে পড়ে। আমি গাড়ির জানালায় লাথি মারতে শুরু করি এবং একটি ছোট ছিদ্র দিয়ে বের হতে সক্ষম হই। এর পরপরই ভ্যানটি বিস্ফোরিত হয়।

স্থানীয় উদ্ধারকারী দলের নিখোম সিউন নামের এক স্বেচ্ছাসেবক বলেন, ভ্যানটিতে আগুন ধরে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে।

দুর্বল সড়ক ব্যবস্থাপনার কারণে থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে সরকারি ছুটির দিনে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।