ভারতের অন্ধ্রপ্রদেশে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মেয়েটি স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত। সম্প্রতি অন্ধ্র প্রদেশের নন্দিয়ালা জেলায় এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। তারা ওই স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছি ওই তিনজন। ঘটনার পর তারা কোনো একটি জমির নালায় মরদেহ লুকিয়ে রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ উদ্ধার করা যায়নি।
গত রোববার থেকে তৃতীয় শ্রেণির ওই শিশুকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। তার বাবা স্থানীয় থানায় এ নিয়ে একটি লিখিত অভিযোগ দেন। তাতে বলা হয়, পার্কে খেলতে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি তার মেয়ে। অভিযোগের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করলেও প্রাথমিকভাবে কিছু জানতে পারেনি পুলিশ।
এরপর বিশেষ কুকুরের মাধ্যমে ওই তিন ছেলের খোঁজ পায় পুলিশ। এদের মধ্যে দুজন ষষ্ঠ শ্রেণিতে পড়ে (বয়স ১২), একজন সপ্তম শ্রেণিতে (বয়স ১৩)। ওই মেয়ে যে স্কুলে পড়ত তারাও একই স্কুলের ছাত্র।
অভিযুক্ত তিনজন পুলিশকে জানায়, তারা মেয়েটিকে পার্কে খেলতে দেখে। এরপর তাকে ভুলিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। মেয়েটি পরিবারকে বলে দিতে পারে—এই ভয়ে তাকে হত্যা করে। হত্যার পর মরদেহ একটি নালায় লুকিয়ে ফেলে।





