Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

৬ ঘণ্টা অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

admin • 23 Aug 2022, 03:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৬ ঘণ্টা অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
অবৈধ বসতি উচ্ছেদের জেরে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের অবরোধে ছয় ঘণ্টা অচল ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার পর যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।   এর আগে সকাল সাড়ে ১১টার পর সলিমপুরের কয়েকশ’ বাসিন্দা মহাসড়কের ফৌজদারহাট লিংক রোডের মুখে জড়ো হয়। তারা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।   এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তারা বারবার সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানায়। তবে অবরোধকারীরা অস্বীকৃতি জানায়। তাদের দাবি, সলিমপুরে বিচ্ছিন্ন করা বিদ্যুৎ ও পানির সংযোগ পুনরায় দিতে হবে। সলিমপুরে কোনো উচ্ছেদ চালানো যাবে না। তাদের অভিযোগ, খাস জমি হলেও পাহাড়ে তারা টাকা দিয়ে জায়গা কিনে ঘর তৈরি করেছে। যখন এসব জমি বেচাকেনা হচ্ছে তখন প্রশাসন কেন বাধা দেয়নি।   তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পুলিশ অ্যাকশনে যায়নি। এর ফলে চরম ভোগান্তিতে পড়ে দু’পাশে আটকেপড়া যানবাহনের যাত্রীরা। ঘটনাস্থলের দু’পাশে মহাসড়কে অন্তত ২০ কিলোমিটার পর্যন্ত গাড়ির জট তৈরি হয়। সব গাড়ির চাকা হয়ে পড়ে স্থবির। তীব্র গরমের মাঝে মানুষের কষ্টের শেষ ছিল না।   সাড়ে ৪টার পর পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হয়। তবে একটি অংশ আবারও অবরোধের চেষ্টা করলে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় পুলিশও টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে ধাওয়া দিয়ে তাদের সলিমপুরে পৌঁছে দেয় পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে বেশ কয়েকজন আহত হয়।   জঙ্গল সলিমপুর এলাকায় খাস জমিতে কারাগার, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ, নাইট সাফারি পার্কসহ বিভিন্ন স্থাপনা করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার বিভিন্ন অংশে টানা উচ্ছেদ অভিযান চালানো হয়।   আন্দোলনকারীদের দাবি, জঙ্গল সলিমপুর এলাকায় উচ্ছেদ করা বসতিতে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেয়ার পাশাপাশি যে জমি থেকে উচ্ছেদ করা হয়েছে, সেই জমি তাদের সরকারিভাবে বন্দোবস্ত দিতে হবে। তবে প্রশাসন বলছে, একটি ভূমিদস্যু গ্রুপ এসব লোকজনকে উস্কে দিচ্ছে।   জঙ্গল সলিমপুর এলাকাটি পুরোটাই খাস জমিতে। সেটি অনেকদিন ধরে কয়েকটি ভূমিদস্যু ও সন্ত্রাসী গ্রুপের দখলে। এসব গ্রুপ পাহাড় কেটে জমি বানিয়ে তা বিক্রি করে আসছিল নিম্ন আয়ের লোকজনের কাছে। সেখানে ফটক লাগিয়ে পুরো এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করে গ্রুপগুলো।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।